বিশ্ব ইজতেমার দ্বিতীয়পর্বের আখেরি মোনাজাত উপলক্ষ্যে দূর-দূরান্ত থেকে লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি সমবেত হবেন।
ফলে শনিবার রাত ১২টার পর আব্দুল্লাহপুর থেকে গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস, আব্দুল্লাহপুর থেকে কামারপাড়া রোড হয়ে টঙ্গী স্টেশন রোড পর্যন্ত সড়ক, আব্দুল্লাহপুর থেকে আশুলিয়ার বাইপাইল পর্যন্ত এবং টঙ্গী স্টেশন রোড থেকে পূবাইল মীরেরবাজার পর্যন্ত সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে।
এ ছাড়া ময়মনসিংহ ও গাজীপুরগামী যানবাহনগুলোকে গাবতলী দিয়ে কোনাবাড়ি হয়ে এবং ময়মনসিংহ থেকে ঢাকাগামী যানবাহনগুলোকে ভোগরা বাইপাস দিয়ে ৩০০ ফিট রাস্তা ব্যবহার করে চলাচল করতে বলা হয়েছে। এ সময় এসব সড়ক হয়ে কোনো পণ্যবাহী গাড়ি চলতে দেওয়া হবে না।
শনিবার বেলা ১১টার দিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাহবুব আলম ইজতেমা ময়দানে স্থাপিত জিএমপি কন্ট্রোররুমে এক প্রেস ব্রিফিংকালে সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি বলেন, ইজতেমার আখেরি মোনাজাত উপলক্ষ্যে জিএমপির ট্রাফিক বিভাগকে ঢেলে সাজানো হয়েছে। যেহেতু দূর-দূরান্ত থেকে মোনাজাতে সামিল হওয়ার জন্য লাখ লাখ মুসল্লি আসবেন, সেহেতু শনিবার রাত ১২টার পর থেকে কয়েকটি সড়ক বন্ধ রাখা হবে।
এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (অর্থ ও সদর) মোহাম্মদ ইলতুৎ মিশ, (অপরাধ দক্ষিণ) মোহাম্মদ ইব্রাহিম খান, (ডিবি) নাজির আহমেদ খান, (ট্রাফিক) আলমগীর হোসেন, অতিরিক্ত উপপুলিশ কমিশনার (অপরাধ দক্ষিণ) মোহাম্মদ হাফিজুল ইসলাম প্রমুখ।

Comments are closed.