আশ্রয়ণ প্রকল্প-২ পরিদর্শনে প্রধানমন্ত্রীর মুখ্যসচিব

আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় ৪র্থ পর্যায়ের নির্মাণাধীন ঘর পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর মুখ্যসচিব তোফাজ্জল হোসেন মিয়া। আজ শনিবার সাভারের ভাকুর্তায় তিনি এসব ঘর পরিদর্শন করেন।

তোফাজ্জল হোসেন মিয়া বলেন, চতুর্থ পর্যায়ে প্রায় অর্ধ লক্ষাধিক ঘর নির্মাণ কাজ চলমান রয়েছে। প্রধানমন্ত্রী দ্রুত এগুলো হস্তান্তর করবেন।

প্রকল্পটি গৃহহীনদের গৃহ প্রদানের পাশাপাশি দুই শতক জমির মালিকানা, সুপেয় পানি, বিদ্যুৎ, স্যানিটেশন সুবিধাসহ উন্নত জীবন যাপনের সুযোগ করে দিচ্ছে।

জমিসহ ঘরের মালিকানা পেয়ে তারা অর্থনৈতিক উন্নয়নে অংশ নিচ্ছেন এবং তাদের মুখে হাসি ফুটেছে।

তিনি বলেন, আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন-গৃহহীন-ছিন্নমূল মানুষকে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের আওতায় এনেছেন। সমাজের অনগ্রসর পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সেমিপাকা একক ঘর প্রদান করা হয়েছে।

পরিদর্শন শেষে ঢাকা জেলার জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মমিনুর রহমান জানান, এই প্রকল্প বাস্তবায়নে ঢাকা জেলা প্রশাসন ও সাভার উপজেলা প্রশাসন খাস জমি চিহ্নিত করে অবৈধ দখলকৃত জমি উদ্ধারের মাধ্যমে গৃহহীনদের আবাসনের ব্যবস্থা করছে। সবাইকে ঘর প্রদানের মাধ্যমে সাভারসহ ঢাকা জেলাকে ভূমিহীন মুক্ত করার জন্য কার্যক্রম অব্যাহত রয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী হাফিজুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শিবলী সাদিক, সাভার উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম প্রমুখ।

‘আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার’ এই প্রতিপাদ্যকে অগ্রাধিকার দিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের পুনর্বাসনের লক্ষ্যে ঢাকা জেলার সাভার উপজেলায় ১ম পর্যায়ে ৪১টি, ২য় পর্যায়ে ৫১টি, ৩য় পর্যায়ের ১ম ধাপে ১২০টি ও ২য় ধাপে ২৫টিসহ মোট ২৩৭টি ঘর বরাদ্দ দেওয়া হয়। বর্তমানে ৪র্থ পর্যায়ে ভাকুর্তার ৩৭টিসহ সাভারের বিভিন্ন ইউনিয়নে ৭১টি ঘরের নির্মাণ কাজ চলমান রয়েছে।

Share this news as a Photo Card