কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় ঈদের কেনাকাটা করতে যাওয়ার সময় চাঁদের হাট নামক এলাকায় ট্রলির ধাক্কায় বাইসাইকেলে থাকা পিতা-পুত্র নিহত হয়েছে।
রবিবার (২৫ জুন) সকাল ১০টার দিকে উপজেলার চাঁদের হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ছেলে মাসুদ রানা (১১) মারা যায়।
এ সময় গুরুতর আহত অবস্থায় মাসুদ রানার বাবা একরামুল হককে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রবিবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।
স্থানীয় সূত্রে জানা যায়,
‘সকাল ১০টার দিকে একরামুল হক ও মাসুদ রানা বাইসাইকেলে করে গ্রামের বাড়ি থেকে ফুলবাড়ী উপজেলা শহরে যাচ্ছিল।
পিতা-পুত্র ফুলবাড়ী-নাগেশ্বরী সড়কের চাঁদের হাট এলাকায় পৌঁছালে একটি ইটবোঝাই ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মাসুদ রানা মারা যায়।
গুরুতর আহত বাবা একরামুল হককে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বিকেলে তিনিও মারা যান।
নিহত পিতা-পুত্রের বাড়ি ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের সীমান্তবর্তী ধর্মপুর গ্রামে।
নিহত শিশুর চাচা এরশাদুল হক জানান,
‘ছেলের জন্য ঘড়িসহ আসন্ন ঈদের কেনাকাটার জন্য আমার ভাই তার ছেলেকে বাইসাইকেলে নিয়ে বাড়ি থেকে বের হন।’
‘ফুলবাড়ী বাজারে ঢোকার আগে পেছন থেকে ইটবোঝাই ট্রলিনিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দিলে
ঘটনাস্থলে মাসুদ রানা নিহত হয় এবং বাবা মারাত্মক আহত হন। আহত একরামুলকে দ্রুত রংপুর মেডিকেল ভর্তি করা হয়।’
পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক ট্রলি ও ড্রাইভারকে আটক করেছে। ট্রলির ড্রাইভার নাগেশ্বরী উপজেলার এগারো মাথা গ্রামের হজরত আলীর ছেলে মোকসেদুল।
পিতা-পুত্রের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান জানান,
‘ট্রলি ও ট্রলির ড্রাইভারকে আটক করা হয়েছে। নিহতের বড় ভাই শহিদুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেছেন।’
