ব্রাহ্মণবাড়িয়ায় এক সঙ্গে তিনটি শিশুর জন্ম দিয়েছেন মরিয়ম আক্তার নামে এক গৃহবধূ। মঙ্গলবার (৮ জানুয়ারি) রাত সাড়ে ৭ টার দিকে ব্রাহ্মণবাড়িয়া শহরের কুমারশীলমোড় দি রেমেডি হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তিনি একটি ছেলে ও দুটি কন্যা সন্তানের জন্ম দেন। প্রসূতি মরিয়ম আক্তার হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার প্রীয়ম গ্রামের প্রবাসী নূর উদ্দিনের স্ত্রী।
হাসপাতালের গাইনী বিভাগের চিকিৎসক ও ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের গাইনী বিভাগের কনসালটেন্ট ডা. গোপা পাল ও হাসপাতালের কনসালটেন্ট (এনেস্থেসিয়া) ডা. খোকন দেবনাথ সিজারিয়ান অপারেশন করেন। জন্ম নেয়া নবজাতকরা ও তাদের মা সুস্থ আছেন।
এ ব্যাপারে হাসপাতালের গাইনী বিভাগের কনসালটেন্ট ডা. গোপা পাল জানান, প্রথমদিকে স্থানীয় হাসপাতালে মরিয়ম চিকিৎসা নিতেন। পরে গত একমাস আগে প্রসূতি ওই মা তার কাছে চিকিৎসা সেবা নিতে আসেন। তখন আল্ট্রাসনোগ্রাফির মাধ্যমে ওই প্রসূতি মায়ের গর্ভে তিনটি সন্তান থাকার বিষয়টি ধরা পড়ে। পরে তাকে চিকিৎসা সেবা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়া হয়। মঙ্গলবার রাতে ওই প্রসূতি মায়ের শারীরিক অবস্থা খারাপ হলে তাকে হাসপাতালে নিয়ে আসেন স্বজনেরা। হাসপাতালে আনার পর পেটে শিশুগুলোর নড়াচড়া কম ছিল ও পানি ভেঙে গিয়েছিল। তার শরীরে রক্তের পরিমাণও কম ছিল। তাই রাত সাড়ে ৭ টার দিকে দ্রুত তাকে অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের মাধ্যমে দুটি ফুটফুটে কন্যা ও একটি ছেলে সন্তান জন্ম নেন।
তিনি আরও জানান, নবজাতক তিনটির মধ্যে একটি ছেলে ২ কেজি ৩০০ গ্রাম, অপরটি ২ কেজি ১০০ গ্রাম ও কন্যা সন্তান ২ কেজি। ভূমিষ্ঠ তিন শিশু ও মা ভালো আছেন। ওই দম্পতির ঘরে এর আগে একটি কন্যা সন্তান রয়েছে।
