চট্টগ্রামে অপহৃত ১১ মাসের শিশু নারায়ণগঞ্জ থেকে উদ্ধার

চট্টগ্রাম শহরের পাহাড়তলী থানাধীন অলঙ্কার মোড় থেকে গত ২২ নভেম্বর একটি শিশু অপহরণের শিকার হয়। ১১ মাস বয়সি শিশুটির নাম শার্মিলা। অনেক খোঁজাখুঁজির পরও না পেয়ে পাহাড়তলী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন শিশুর মা ফাতেমা খাতুন।
পরে তথ্যপ্রযুক্তির মাধ্যমে অনুসন্ধান শেষে ঘটনার ১০ দিন পর শিশুটিকে নারায়ণগঞ্জ থেকে উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় দায়ের হওয়া মামলার আসামিরা হলেন— মান্না হাওলাদারের ছেলে কাউসার, আবদুর রহমানের ছেলে গোলাম হোসেন, গোলাম হোসেনের স্ত্রী লাকি আক্তার। এদের মধ্যে গোলাম হোসেন ও স্ত্রী লাকি আক্তারকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের তথ্যের ভিত্তিতেই অপহৃত শিশুটিকে উদ্ধার করা হয়।

পাহাড়তলীর ওসি মোস্তাফিজুর রহমান যুগান্তরকে বলেন, প্রাথমিক তদন্তে জানা যায়, আসামি কাউসার হোসেন ২০ হাজার টাকায় গোলাম হোসেন দম্পতির কাছে ১১ মাস বয়সি শার্মিলাকে বিক্রি করে দেয়। আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

Share this news as a Photo Card