চট্টগ্রামে পেট্রোল বোমা নিক্ষেপে সিএনজি অটোরিকশায় দুই যাত্রী দগ্ধ হয়েছেন। রোববার (২০ এপ্রিল) ভোর ৫টার দিকে বায়েজিদ বোস্তামী থানার আতুরার ডিপো এলাকায় এ ঘটনা ঘটে। একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। অপরজনকে রিলিজ দেয়া হয়েছে।
দগ্ধ যাত্রীরা হলেন- লায়লা (৫০) ও ঝর্ণা (৩০)। তারা সম্পর্কে দুই বোন এবং রাউজান পৌরসভা এলাকার ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
সিএনজি অটোরিকশা চালক মো. জমির জানান, ভোরে অটোরিকশার যাত্রীরা কুতুবদিয়া মালেক শাহ’র দরবারে যাচ্ছিলেন। আতুরার ডিপো এলাকায় এলে কয়েকজন লোক অতর্কিত পেট্রোলবোমা নিক্ষেপ করে। এতে অটোরিকশায় থাকা পাঁচ যাত্রীর মধ্যে দুইজন দগ্ধ হয়।
তিনজন লোক মুখোশ পরে পেট্রোল বোমা নিক্ষেপ করে বলে জানান তিনি।
মুখোশ পরে থাকায় তাদের চেহারা দেখা সম্ভব হয়নি বলেও জানান তিনি।
