তোমরা অত্যন্ত মেধাবী – অধ্যক্ষ শহিদুল ইসলাম

উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ (ইন্টার) শ্রেণির নতুন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম ও ক্লাস শুরু হয়েছে। নতুন নতুন স্বপ্ন আর একবুক আশা নিয়ে নবীন শিক্ষার্থীরা ক্যাম্পাসে পদার্পণ করায় কলেজ অঙ্গনে সৃষ্টি হয় এক নতুন উদ্দীপনা।

দিনটি উপলক্ষে আয়োজিত ওরিয়েন্টেশন ক্লাসে নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ও দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন অত্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. শহিদুল ইসলাম। নতুনদের স্বাগত জানিয়ে তিনি বলেন, “তোমরা অত্যন্ত মেধাবী। হাজারো শিক্ষার্থীকে পেছনে ফেলে মেধার স্বাক্ষর রেখে তোমরা এই ঐতিহ্যবাহী সরকারি তোলারাম কলেজে ভর্তির সুযোগ পেয়েছ। কলেজ জীবনের এই সময়টুকু তোমাদের ভবিষ্যৎ গঠনের মূল ভিত্তি। পড়াশোনায় মনোযোগী হয়ে জীবনের আগামী

দিনগুলোতে কীভাবে সাফল্যের সঙ্গে এগিয়ে যেতে হবে, সে বিষয়ে এখন থেকেই সংকল্পবদ্ধ হতে হবে।”
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকমণ্ডলী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শিক্ষকরা নবীনদের পড়াশোনার পাশাপাশি সহপাঠ্যক্রমিক কাজে অংশ নিয়ে নিজেদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

উল্লেখ্য, মানসম্মত শিক্ষা ব্যবস্থা ও অসাধারণ একাডেমিক ফলাফলের কারণে প্রতি বছরের মতো এবারও শিক্ষার্থীদের আবেদনের শীর্ষে ছিল এই কলেজটি। দেশব্যাপী একাদশ শ্রেণীতে ভর্তি আবেদনের ক্ষেত্রে সরকারি তোলারাম কলেজ সারা বাংলাদেশে ১০ম স্থানে অবস্থান অর্জন করেছে। এ বছর কলেজের বিজ্ঞান, মানবিক ও ব্যবসা শিক্ষা শাখা মিলে মোট ১৮৪৬ শিক্ষার্থী নতুন শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছে।

প্রথম দিনের ক্লাস শেষে নতুন সহপাঠীদের সাথে পরিচিত হতে ও ক্যামেরাবন্দী হতে দেখা যায় নবীন শিক্ষার্থীদের। স্বপ্নের আঙিনায় নতুন পথচলা নিয়ে তারা উচ্ছ্বাস প্রকাশ করেন।

 

এনএএন টিভি