নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় থানা পুলিশের বিশেষ অভিযানে ২৩ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে ১ কেজি গাঁজা ও ২০০ পিস ইয়াবাসহ দুই নারী মাদক কারবারি, পরোয়ানাভুক্ত তিনজন আসামি, ডাকাতি মামলার চারজন এবং ১৪ জন মাদকসেবীকে গ্রেফতার করা হয়। গতকাল মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে সোনারগাঁ থানা এলাকার বিভিন্ন স্থানে এই অভিযান চালানো হয়।
অভিযানে মাদকসহ গ্রেফতারকৃত দুই নারী আসামি হলেন বৈদ্যেরবাজার ইউনিয়নের রায়পুর গ্রামের রূপা বেগম (২১) এবং সোনামুই গ্রামের মোছা. মিনা আক্তার (২৮)।
অভিযানে উদ্ধার করা ইয়াবা ও গাঁজার বিষয়ে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আদালতের পরোয়ানাভুক্ত গ্রেফতারকৃত তিন আসামি হলেন মনাইকান্দি গ্রামের মো. রুবেল, বেহাকৈর গ্রামের মো. জুবায়ের খন্দকার এবং হাবিবপুর গ্রামের মো. সাদ্দাম।
ডাকাতি মামলায় গ্রেফতারকৃত চারজন হলেন উপজেলার কলতাপাড়া গ্রামের মো. আমিনুল ইসলাম মানিক (২০), আলামিন হোসেন ওরফে সম্রাট (১৯) আলমপুর গ্রামের ইমন (১৯), কুমিল্লার চান্দিনার স্থায়ী বাসিন্দা ও বর্তমানে কলতাপাড়ার বাসিন্দা মো. সাব্বির (২০)
এছাড়া মাদক সেবনের অভিযোগে গ্রেফতারকৃত ১৪ জন হলেন রতনপুর গ্রামের শামসুজ্জামান (৫৫), জোবায়ের (২০) ও টিটু (৪০), কোম্পানীগঞ্জ গ্রামের আব্দুল্লাহ (৪০) ও ইমরান (৩০), রাইজদিয়া গ্রামের মো. ফাহিম ওরফে হিমেল (২০), হাড়িয়া বৈদ্যপাড়ার মাসুম মোল্লা (৩৮), শাহপুর গ্রামের মো. হালিম (৩৫), সাতভাইয়াপাড়া গ্রামের ফারদিন আহাম্মেদ (২৬), আনন্দবাজার গ্রামের মাছুম মিয়া (২৫), সোনাপুরে বসবাসকারী রায়হান (২৯), রূপগঞ্জের নয়ন (২৭) এবং চাঁদপুর সদরের বাসিন্দা আনোয়ার কাজী (৪২) ও বাবু প্রধান (২৫)।
সোনারগাঁ থানার ওসি আব্দুল বারিক জানান, গ্রেফতারকৃত আসামিদের আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে। মাদক ও ডাকাতিসহ যেকোনো অপরাধ দমনে সোনারগাঁ থানা পুলিশের জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকবে।
