নারায়ণগঞ্জের রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের দুই গ্রুপের মধ্যে গুলিবিনিময়সহ ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে গুলিবিদ্ধ হয়ে হাছিবুর রহমান নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (১৯ মার্চ) ভোরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাছিবুরের মৃত্যু হয়।
এর আগে মঙ্গলবার (১৮ মার্চ) রাতে উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আরও দুইজন গুলিবিদ্ধসহ অন্তত দশজন আহত হয়েছেন।
নিহত হাছিবুর চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ৬ নম্বর ওয়ার্ডের আনোয়ার হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মঙ্গলবার (১৮ মার্চ) রাতে স্বেচ্ছাসেবক দল ও যুবদলের কয়েকজনের মধ্যে ঝগড়া হয়। এর জের ধরে ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মনির লোকজন নিয়ে স্বেচ্ছাসেবক দলের রবিনকে তুলে নিয়ে থানা যুবদলের যুগ্ম সম্পাদক শামীমের অফিসে আটকে রেখে মারধর করে।
বিষয়টি জানতে পেরে রব্বানী ও করিমসহ তাদের লোকজন রবিনকে ছাড়িয়ে আনতে সেই অফিসে গেলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এসময় উভয়পক্ষের মধ্যে ধাওয়া পালটা ধাওয়া এবং গুলি বিনিময় হয়।
সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে আহত হন স্বেচ্ছাসেবক দলের কর্মী হাছিবুর, রাসেল ও বাশারসহ উভয়পক্ষের অন্তত ১০ জন। পরে গুরুতর অবস্থায় আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার ভোরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় হাছিবুরের মৃত্যু হয়।
জেলা পুলিশের সহকারি পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, ‘খবর পেয়ে বুধবার সকালে পুলিশ ও র্যাব সহ আইনশৃংখলা বাহিনী যৌথভাবে চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের বিভিন্ন ওয়ার্ডে অভিযান চালায়। এসময় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার হয়। ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’
