নিখোঁজের ৬ দিন পরে মৎস্যজীবীর লাশ উদ্ধার

নিখোঁজের ৬ দিন পরে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার চান্দার বিলের কচুরিপানার নিচ থেকে মৎস্যজীবী নির্ভসা বৈরাগীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় লাশ গুমের ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে।

গত ২৫ জানুয়ারি রাতে মুকসুদপুরের চান্দার বিলে মাছ ধরতে গিয়ে ইঁদুর মারার ফাঁদে জড়িয়ে মৎস্যজীবী নির্ভসা বৈরাগীর (৬০) মৃত্যু হয়। কৃষ্ণনগরের ঠান্ডা দাসের ছেলে অরুন দাসের চান্দার বিলে রোপণ করা ইরি ধানের ক্ষেতে ইঁদুর মারার জন্য জেনারেটরের সংযোগ দিয়ে বৈদ্যুতিক লাইন স্থাপন করেছিল। সেই তারে জড়িয়ে নির্ভসা বৈরাগী মারা যায়। ভয়ে অরুন দাস ওই বিলের মধ্যে একটি পুকুরে নির্ভসা বৈরাগীর লাশ কচুরীপানার মধ্যে লুকিয়ে রাখে এবং সে বাড়ি থেকে পালিয়ে যায়। বুধবার (০১ ফেব্রুয়ারী) ভোরে মুকসুদপুর সার্কেলের এএসপি মো. কামরুজ্জামানের নেতৃত্বে  চান্দার বিলের দুর্জধনের জোড়া পুকুর থেকে অরুন দাসের দেখানো মতে মরদেহ উদ্ধার করে।

জানা যায়, কলিগ্রামের যতীনময় বৈরাগীর ছেলে মৎস্যজীবী নির্ভসা বৈরাগী গত ২৫ জানুয়ারি সন্ধ্যায় নিজ বাড়ি থেকে বড়শী দিয়ে মাছ ধরার জন্য চান্দার বিলের উদ্দেশ্যে রওনা হয়। সে বাড়িতে ফেরত না আসায় পরদিন ২৬ জানুয়ারি তার পরিবারের লোকজন সম্ভাব্য সকল জায়গায় খোঁজ খবর নিতে থাকে। খোঁজখবর নেয়ার এক পর্যায় পরিবারের লোকজন জানতে পারে যে কৃষ্ণনগরের ঠান্ডা দাসের ছেলে অরুন দাসের চান্দার বিলে রোপন করা ইরি ধানের ক্ষেতে ইঁদুর মারার জন্য জেনারেটরের সংযোগ দিয়ে বৈদ্যুতিক লাইন স্থাপন করেছিল। সেখানে মাছ ধরতে গেলে তারে জড়িয়ে নিখোঁজ নির্ভসা বৈরাগী মৃত্যুবরন করে।

বিষয়টি মুকসুদপুর থানা পুলিশ অবগত হলে নিখোঁজ নির্ভসা বেরাগীকে উদ্ধারের জন্য মাঠে নামে। এক পর্যায়ে খুলনা থেকে মঙ্গলবার (৩১ জানুয়ারি) বিকেলে অরুন দাসকে আটক করে। আটক করার পর তাকে জিজ্ঞাসাবাদ করলে সে উল্লেখিত ঘটনার সত্যতা স্বীকার করে। পরবর্তীতে আটককৃত অরুন দাসকে সাথে নিয়ে চান্দার বিলের দুর্জধনের জোড়া পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয়।

গোপালগঞ্জের এডিশনাল এস,পি (ক্রাইম) মোহাইমিন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরন করা  হয়েছে। নির্ভসা বৈরাগীর ছেলে পিংকু বৈরাগী বাদী হয়ে তার বাবার মৃত্যুর ঘটনায় অরুন দাস ও মিনি বৈরাগী দের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলে মূল হোতা অরুন দাসকে গ্রেফতার করা হয়েছে। পলাতক আসামি মিনি বৈরাগীকে আটকের চেষ্টা চলছে।

Share this news as a Photo Card