গাজীপুর পূবাইল মেট্রোপলিটন থানা এলাকায় টহল পুলিশের পাহারা, গণসচেতনতা, রাতে মাইকিং করা সত্ত্বেও থামছে না ডাকাতি। একের পর এক দুর্ধর্ষ ডাকাতির ফলে আতঙ্ক বিরাজ করছে জনমনে।
চলতি মাসে পূবাইল থানা এলাকায় ৩টি ডাকাতিসহ ডাকাতি করতে গিয়ে জনতার ধাওয়া খেয়ে পালিয়েছে একবার।
এদিকে বৃহস্পতিবার রাতে পূবাইল মেট্রোপলিটন থানার ৪২নং ওয়ার্ডের হারবাইদ এলাকায় দুই সহোদর ভাই আমানউল্লাহ ভূঁইয়া (৫০) ও সানাউল্লার ভূঁইয়ার (২৫) বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।
আমানউল্লাহ ভূঁইয়া ও সানাউল্লাহ ভূঁইয়া হারবাইদ পূর্বপাড়া এলাকার আবদুল কাদির ভূঁইয়ার ছেলে।
বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে অতর্কিতভাবে ১০-১২ জনের ডাকাত দল ওই এলাকার ভূঁইয়া বাড়ির কলাপসিবল গেটের তালা কেটে ভিতরে প্রবেশ করে। পরে বাড়ির সবাইকে একরুমে হাত-পা বেঁধে বাইরে থেকে দরজা আটকিয়ে লুটপাট চালায়।
পূবাইল থানার ওসি জাহিদুল ইসলাম বলেন, আমাদের প্রাণান্তকর চেষ্টা রয়েছে ডাকাতি প্রতিরোধ করার। আমরাও রাতে না ঘুমিয়ে কাজ করে যাচ্ছি।
