বগুড়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে একজনের যাবজ্জীবন

বগুড়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

দীর্ঘ ১১ বছর পর সোমবার দুপুরে বগুড়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল-২ এর বিচারক নূর মো. শাহরিয়ার কবির এই রায় দেন। সাজাপ্রাপ্ত হায়দার আলী বগুড়ার গাবতলী উপজেলার পদ্মপাড়া এলাকার মৃত মোজাহারের ছেলে। রায় ঘোষণার সময় হায়দার আলী আদালতে উপস্থিত ছিলেন।

এসব তথ্য নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী স্পেশাল পিপি আশেকুর রহমান সুজন।

তিনি জানান, ২০১১ সালের ২৭ মে রাত সাড়ে ৮টার দিকে প্রতিবেশী পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে বাড়িতে ঢুকে জোরপূর্বক ধর্ষণ করেন হায়দার আলী। এ সময় ওই ছাত্রীর বাবা-মা বাড়িতে ছিলেন না। পরে ধর্ষণের বিষয়টি ওই ছাত্রী তার মা কে জানায়। পরে ওই ছাত্রীর মা হায়দার আলীকে একমাত্র আসামি করে গাবতলী থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। সেই মামলায় ১১ বছর পর সোমবার দুপুরে আদালত হায়দার আলীকে যাবজ্জীবন কারাদণ্ড ও জরিমানার রায় ঘোষণা দেন।

Share this news as a Photo Card