ময়মনসিংহের ভালুকায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) সদস্য সেজে প্রতারণার অভিযোগে রোকনুজ্জামান নাঈম (৩২) নামে এক যুবককে আটক করেছে কর্তৃপক্ষ। সোমবার (২১ এপ্রিল) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভালুকা পৌর শহরের কলেজপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক রোকনুজ্জামান নাঈম ভালুকা উপজেলার ধীতপুর ইউনিয়নের ধলিয়া গ্রামের বাসিন্দা। তিনি ভালুকা ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
সূত্র জানায়, ভালুকার ব্যবসায়ী মামুনের বিরুদ্ধে রাজধানী ঢাকায় দায়েরকৃত একটি মামলার তদন্ত কর্মকর্তা পরিচয়ে মামুনের সঙ্গে যোগাযোগ করেন নাঈম। তিনি মামলাটি ‘মীমাংসা’ করে দেওয়ার আশ্বাস দিয়ে মামুনের কাছে ১৫ লাখ টাকা দাবি করেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে মামুন কৌশলে টাকা দেওয়ার আগ্রহ দেখিয়ে এনএসআই ময়মনসিংহ কার্যালয়ে বিস্তারিত অবহিত করেন।


পরবর্তীতে এনএসআই কর্মকর্তারা সুপরিকল্পিতভাবে অভিযান পরিচালনা করে রোকনুজ্জামান নাঈমকে হাতেনাতে আটক করেন।
স্থানীয় একাধিক ব্যক্তি জানান, দীর্ঘদিন ধরে নাঈম বিভিন্ন সময় ভূয়া পরিচয় ব্যবহার করে প্রভাব বিস্তারের চেষ্টা করে আসছিলেন। এ ঘটনায় তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেয়া হয়েছে।
ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির জানান, “ভুয়া এনএসআই পরিচয়দানকারী যুবককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।”

এই ঘটনায় ভালুকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জনসাধারণকে এ ধরনের প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
ইমন সরকার / এনএএন টিভি
