রাজধানীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে প্রাণ গেল পুলিশ কনস্টেবলের

রাজধানীর ফার্মগেট এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মনিরুজ্জামান তালুকদার নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।

শনিবার (১ জুলাই) সকালের দিকে সেজান পয়েন্টের সামনে এই ঘটনা ঘটে।

নিহত মনিরুজ্জামান তালুকদার তেজগাঁও ট্রাফিক বিভাগে কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি শেরপুরে।

ঈদের ছুটি শেষে কাজে যোগ দিতে তেজগাঁও রেল স্টেশন থেকে পায়ে হেঁটে ট্রাফিক অফিসের দিকে যাওয়ার সময় তিনি হামলার শিকার হন।

তেজগাঁও থানার ডিউটি অফিসার জানান,

‘আজ ভোর ৪টা ১৬ মিনিটে ৯৯৯ থেকে কল করে বিষয়টি জানানো হলে ঘটনাস্থলে গিয়ে ওই পুলিশ সদস্যকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।’

‘তার শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তবে ছিনতাইকারী না অন্য কিছু সেটি এখনো নিশ্চিত নয় বলে তিনি জানান।’

তেজগাঁও থানার এসআই মাসুদ জানান,

‘নিহতের মরদেহটি ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।’

তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) আজিমুল হক জানান,

‘বিষয়টি ছিনতাই না অন্য কিছু তা এখনো নিশ্চিত নই। খোঁজখবর নিয়ে জানা যাবে।’

আরও পড়ুন:

এনএএন টিভি