নারায়ণগঞ্জ রূপগঞ্জের শীর্ষ সন্ত্রাসী চাঁদাবাজি ও অপহরণসহ হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২৬ মামলার আসামি কালাই সবুজকে পিস্তলসহ গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে ডেমরা থানার কোনাপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এছাড়া কালাই সবুজের তথ্যমতে তার সহযোগী এজাজুলকেও গ্রেফতার করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচ এম সালাউদ্দিন বলেন, রূপগঞ্জের মানুষ সন্ত্রাসী কালাই সবুজের কাছে জিন্মি হয়ে পড়েছিলেন। ব্যবসায়ীকে জিম্মি করে চাঁদা আদায়, পথচারীদের কাছ থেকে ছিনতাই, ধর্ষণ, খুন, রাহাজানি, ডাকাতি , অপহরণসহ এমন কোনো অপরাধ কর্মকাণ্ড নেই- যা কালাই সবুজ করেনি। তার বিরুদ্ধে খুন-অপহরণসহ ২৬টি মামলা রয়েছে।
ওসি আরও বলেন, রূপগঞ্জের বাবু হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি কালাই সবুজ। আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে সাজা মাথায় নিয়েই কালাই সবুজ একের পর এক অপরাধ ঘটিয়ে আসছিল। এলাকায় রয়েছে তার বিশাল ক্যাডার বাহিনী।
বুধবার রাতে পুলিশ খবর পায় কালাই সবুজ রূপগঞ্জের পার্শ্ববর্তী ডেমরা কোনাপাড়া এলাকায় অবস্থান করছে। পরে রূপগঞ্জ থানার একটি টিম ডেমরা এলাকা থেকে তাকে গ্রেফতার করে। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, গুলি, একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে রূপগঞ্জ থেকে তার অন্যতম সহযোগী এজাজুলকে গ্রেফতার করা হয়েছে।
ওসি সালাউদ্দিন জানান, পিস্তল উদ্ধারের ঘটনায় রূপগঞ্জ থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে। কালাই সবুজের অন্য সহযোগীদের গ্রেফতারের জন্য পুলিশ কাজ করছে।
