শিশুর গলা থেকে লোহার একটি ওয়াসার বের করা হয়েছে। ওয়াসারটি দীর্ঘ ১৩ দিন শিশুর গলায় আটকে ছিল।
সোমবার দুপুরে চুয়াডাঙ্গায় সদর হাসপাতালের নাক,
কান ও গলা রোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডা. আল ইমরান জুয়েল কোনো অস্ত্রোপচার ছাড়াই ওয়াসারটি অপসারণ করেন।
শিশু ওয়ালিদ (৪) চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হাতিভাঙ্গা গ্রামের কৃষক জামাল উদ্দিনের ছেলে।
গত ২৭ রমজান খেলার সময় শিশু ওয়ালিদের গলায় লোহার একটি ওয়াসার আটকে যায়।
শিশু ওয়ালিদের চাচাতো ভাই আশিকুর রহমান বলেন, ওয়ালিদের গলায় ওয়াসার আটকানোর বিষয়টি কেউ জানত না,
সেও কাউকে জানায়নি; কিন্তু গলা ব্যথার কথা বলে বমি করতে থাকে সে। এরপর থেকেই খাওয়া-দাওয়া বন্ধ হয়ে যায় তার।
খুব দুর্বল হয়ে পড়ে। ঈদের পরদিন ওয়ালিদকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানকার চিকিৎসক জানান, তার শিরায় টান লেগেছে।
প্রাথমিক চিকিৎসা নিলেই সুস্থ হয়ে যাবে। তখন কিছুটা সুস্থতাবোধ করায় তিন দিন পর সদর হাসপাতাল থেকে বাড়িতে নেওয়া হয় তাকে। কয়েক দিন পানি ছাড়া কোনো কিছুই সে খায়নি।
তিনি বলেন, সোমবার সকালে আবার গুরুতর অসুস্থ হয়ে পড়ে ওয়ালিদ। ওই দিনই তাকে নেওয়া হয় চুয়াডাঙ্গার বেসরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্র হেলথ এইড মেডিকেল সেন্টারে।
সেখানে নাক, কান ও গলা রোগ বিশেষজ্ঞ ডা. আল ইমরান জুয়েলের ব্যক্তিগত চেম্বারে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক দেখতে পান তার গলায় লোহা জাতীয় কিছু আটকে আছে।
পরে দক্ষতার সঙ্গে অস্ত্রোপচার ছাড়াই আটকে থাকা লোহার ওয়াসারটি অপসারণ করেন।
এ ব্যাপারে ডা. আল ইমরান যুগান্তরকে বলেন, সোমবার সকালে শিশুটিকে আমার ব্যক্তিগত চেম্বারে নিয়ে আসে পরিবারের সদস্যরা।
অসুস্থতার কারণে শিশুটির ঘাড় কাত হয়ে পড়েছিল। প্রথমে আসল সমস্যা কেউই বুঝতে পারেনি।
পরে আমি পরীক্ষা-নিরীক্ষার পর দেখতে পাই শিশুটির গলার ভেতরে গোলাকার কী যেন আটকে আছে।
পরে আমার সহযোগীদের নিয়ে বিনা অস্ত্রোপচারে লোহার ওয়াসারটি অপসারণ করতে পেরেছি।
তিনি বলেন, দীর্ঘ ১৩ দিন শিশুটির গলায় আটকে ছিল ওয়াসারটি।
আল্লাহর রহমতে কোনো অঘটন ছাড়াই শিশুটির গলা থেকে ওয়াসারটি অপসারণ করা হয়েছে। শিশুটি এখন সুস্থ আছে।
আরও পড়ুন:
