সময় ও ব্যয় বাড়ল এক্সপ্রেসওয়ে ও কালুরঘাট সেতুর

নগরীর লালখান বাজার থেকে শাহ আমানত বিমানবন্দর পর্যন্ত এলিভেটেড
এক্সপ্রেসওয়ে ও কর্ণফুলী নদীর তীর ঘেঁষে কালুরঘাট সেতু থেকে চাক্তাই খাল পর্যন্ত সড়ক নির্মাণ প্রকল্পের ব্যয় ও সময়
বাড়নোর প্রস্তাব অনুমোদন হয়েছে।
গতকাল বুধবার দুপুরে ভার্চ্যুয়ালি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা
কমিটির সভায় এ সংক্রান্ত দুইটি পৃথক প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে। এতে করে এ দুই প্রকল্পের মোট ব্যয় ৮৭৯ কোটি
৭ লাখ ৪৪ হাজার ১০৭ টাকা বাড়ানোর প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকার। যার মধ্যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ ব্যয়
বাড়ানো হয়েছে ৬৪৯ কোটি ২ লাখ ৪৩ হাজার ৯১ টাকা। আর কালুরঘাট সেতু থেকে চাক্তাই খাল পর্যন্ত সড়ক নির্মাণ ব্যয়
বাড়ানো হয়েছে ২৩০ কোটি ৫ লাখ ১ হাজার ১১৬ টাকা। প্রকল্পের সময় বাড়নো হয়েছে দুই বছর।
সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান
জানান,সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৩৭তম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন
গণপূর্ত অধিদপ্তর কর্তৃক ‘চট্টগ্রাম শহরের লালখান বাজার থেকে শাহ্-আমানত বিমানবন্দর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
নির্মাণ’ প্রকল্পের ডাব্লিউডি-ওয়ান প্যাকেজের পূর্ত কাজের ভেরিয়েশন বাবদ অতিরিক্ত ৬৪৯ কোটি ২ লাখ ৪৩ হাজার ৯১
টাকা ব্যয় বাড়ানোর ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। চুক্তির মূল্য ছিল ৩ হাজার ৭২০ কোটি ৪ লাখ ৬৭ হাজার ৭২৮
টাকা। ব্যয় বেড়ে মোট টাকার পরিমাণ দাঁড়িয়েছে ৪ হাজার ৩৬৯ কোটি ৭ লাখ ১০ হাজার ৮১৯ টাকা।
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন গণপূর্ত অধিদপ্তর কর্তৃক ‘কর্ণফুলী নদীর তীর বরাবর কালুরঘাট সেতু থেকে চাক্তাই
খাল পর্যন্ত সড়ক নির্মাণ’ প্রকল্পের ডাব্লিউডি-ওয়ান প্যাকেজের পূর্ত কাজের ভেরিয়েশন বাবদ অতিরিক্ত ২৩০ কোটি ৫ লাখ
১ হাজার ১১৬ টাকা ব্যয় বাড়ানোর ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। মূল চুক্তির মূল্য ছিল ৭৮৯ কোটি ২৪ লাখ ৩৯
হাজার ৭৭৮ টাকা। ব্যয় বেড়ে মোট টাকার পরিমাণ দাঁড়িয়েছে এক হাজার ১৯ কোটি ২৯ লাখ ৪০ হাজার ৮৯৪ টাকা।
এর আগে, এলিভেটেড এক্সপ্রেসওয়ের নকশা ‘সংশোধন’ করে আরও ১০৪৮ কোটি টাকা (আগের ব্যয়ের চেয়ে ৩২ শতাংশ)
ব্যয় ও দুই বছর মেয়াদ বাড়িয়ে প্রকল্পটি সংশোধন করতে পরিকল্পনা কমিশনের প্রস্তাব পাঠিয়েছিল সিডিএ। চলতি বছরের
১৩ সেপ্টেম্বরে সংস্থাটির সেই প্রস্তাব মেনেই প্রধানমন্ত্রী এবং একনেক চেয়ারপার্সন শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত
সভায় তা অনুমোদন দেওয়া হয়। চট্টগ্রাম মহানগরের আলোচিত এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ পাঁচ বছর শেষে
এবার নকশা পাল্টিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। ফলে এই প্রকল্পটির শেষ করতে বাড়াতে হয়েছে বড় অঙ্কের অর্থ ও সময়।

Share this news as a Photo Card