সাবেক ভূমিমন্ত্রীর ছেলে শিরহান শরীফ তমাল গ্রেফতার

সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর ছেলে শিরহান শরীফ তমালকে (৩৫) অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করেছে র‍্যাব। বৃহস্পতিবার গভীর রাতে পাবনার ঈশ্বরদী থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব-১২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মেজর এহতেশামুল হক খান এই তথ্য নিশ্চিত করেছেন। 

গ্রেফতার তমাল ঈশ্বরদী উপজেলা যুবলীগের সভাপতি। 

র‍্যাব জানায়, গ্রেফতারকালে তমালের কাছে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি, ১০ পিস ইয়াবা পাওয়া গেছে। এ সময় তার ব্যবহৃত প্রাইভেটকারও জব্দ করা হয়।জানা গেছে, তমাল ঈশ্বরদী উপজেলা যুবলীগের সভাপতি ছিলেন। ২০১৭ সালের নভেম্বরে সাংবাদিক মারধরের ঘটনায় কারাগারে যাওয়ার পর ‘দলীয় শৃঙ্খলা ভঙ্গসহ সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার’ অভিযোগে তাকে যুবলীগ থেকে বহিষ্কার করা হয়।

এছাড়া সম্প্রতি কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়ের মামলার আসামি তিনি। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে তমাল আত্মগোপনে ছিলেন।