নোয়াখালীর হাতিয়ায় নিখোঁজের দুদিন পর একটি মাছের প্রজেক্টের পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (৯ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সোনাদিয়া ইউনিয়নের পূর্ব মাইজচরা গ্রামের হেকিম মার্কেট সংলগ্ন ছিদ্দিক উল্ল্যার প্রজেক্ট থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
নিহতরা হলো- উপজেলার সোনাদিয়া ইউনিয়নের পূর্ব মাইজচরা গ্রামের আজহার উদ্দিনের ছেলে রাসেল (৬) ও একই বাড়ির নুরনবীর ছেলে অন্তর (৫)।
তারা স্থানীয় একটি নূরানী মাদরাসায় প্রথম জামাতের ছাত্র ছিলো এবং সম্পর্কে তারা আপন মামাতো-ফুফাতো ভাই।
স্থানীয় সূত্রে জানা যায়,
‘শুক্রবার (৭ জুলাই) দুই ভাই বাড়ি থেকে খেলতে বের হয়। এরপর ওই দিন বেলা ১১টা থেকে তারা নিখোঁজ ছিলো।’
‘পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পরও তাদের কোন সন্ধান পায়নি।’
‘নিখোঁজের দুদিন পর রোববার সকাল দশটায় স্থানীয়রা পূর্ব মাইজচরা গ্রামের হেকিম মার্কেট সংলগ্ন ছিদ্দিক উল্ল্যার প্রজেক্টে দুই শিশুর ভাসমান লাশ দেখতে পায়।’
সোনাদিয়া ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান ও স্থানীয় ইউপি সদস্য শামসুদ্দিন বলেন,
‘দুই শিশু সাঁতার জানতো না। ধারণা করা হচ্ছে, তারা প্রজেক্টে খেলতে নেমে পানিতে ডুবে মারা যায়।’
‘বেলা ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে এসে দুই শিশুর মরদেহ উদ্ধার করে। পুলিশ নিহতদের শরীরে কোন আঘাতের চিহ্ণ পায়নি। লাশ পঁচে ফুলে উঠেছে।’
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) কাঞ্চন কান্তি দাস জানান,
‘নিখোঁজের দুই দিন পর স্থানীয়রা দুই শিশুর মরদেহ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ প্রজেক্ট থেকে মরদেহগুলো উদ্ধার করে।’
‘পুলিশ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

Comments are closed.