১৪ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ, মৃত্যু নেই

দেশে গত এক দিনে ১৪ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে; এই সময়ে মৃত্যু হয়নি কারও।

নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত করোনা রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৩৭ হাজার ১৫৬ জন হয়েছে। মৃতের মোট সংখ্যা আগের মতই ২৯ হাজার ৪৪০ জন রয়েছে।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ  তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে চলমান ৮৮৩টি পরীক্ষাগারে ২৪ ঘণ্টায় এক হাজার ৬৭৬টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় এক হাজার ৬৬৭টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৮৪ শতাংশ। যা আগের দিন ১ দশমিক ০৭ শতাংশ ছিল। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৪২ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তদের মধ্যে থেকে সেরে উঠেছেন ১০২ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৮৭ হাজার ৯২৩ জনে। সুস্থতার হার ৯৭ দশমিক ৫৮ শতাংশ।

গত একদিনে শনাক্ত রোগীদের মধ্যে ৮ জন ঢাকার বাসিন্দা। এছাড়া ফেনীতে ৩ জন, নওগাঁয় ২ জন এবং নোয়াখালীতে ১ জন কোভিড রোগী শনাক্ত হয়েছে গত ২৪ ঘণ্টায়।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে গত বছরের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর।

২০২১ সালের ৫ আগস্ট ও ১০ আগস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারীর মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা। বিশ্বে করোনাভাইরাস আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছে ৬৬ লাখ ৯১ হাজারের বেশি মানুষ। বিশ্বজুড়ে আক্রান্ত ছাড়িয়েছে ৬৬ কোটি ৮২ লাখ।

Share this news as a Photo Card