গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত কারোও মৃত্যু হয়নি। এ পর্যন্ত দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪৪০ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন ২১ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৭ হাজার ৩০৫ জন।
মঙ্গলবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৩২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮৮ হাজার ৮৪৬ জন। সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮৮৩টি ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে তিন হাজার ৭৭৪টি এবং মোট নমুনা পরীক্ষা করা হয়েছে তিন হাজার ৭৬৩টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৫১ লাখ ৯৯ হাজার ৫২৭টি।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার শূন্য দশমিক ৫৬ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৪০ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৬২ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৫ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় চারজন আইসোলেশনে এসেছেন এবং আইসোলেশন থেকে নয়জন ছাড় পেয়েছেন। এ পর্যন্ত মোট আইসোলেশনে এসেছেন চার লাখ ৫২ হাজার ৯০ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন চার লাখ ২২ হাজার ৭২৫ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ২৯ হাজার ৩৫৫ জন।

Comments are closed.