সংসদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের খেলাপি ঋণের তথ্য চেয়েছে বাংলাদেশ ব্যাংক

সংসদ নির্বাচন: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের খেলাপি ঋণ সংক্রান্ত তথ্য সংগ্রহের বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। নির্বাচনকে ঘিরে প্রার্থীদের আর্থিক সচ্ছতা নিশ্চিতে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন বিশ্লেষকরা।

অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ—এবিবির প্রতিনিধি দলের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকে কেন্দ্রীয় ব্যাংক জানায়, খুব দ্রুতই সব ব্যাংকে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হবে, যেখানে সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থীদের খেলাপি ঋণের বিস্তারিত তথ্য চাওয়া হবে।

এ ছাড়া ব্যাংকগুলোকে ঋণ শ্রেণিকরণ সংক্রান্ত নিয়মকানুন আরও কঠোরভাবে মেনে চলার নির্দেশ দেয়া হয়েছে। সিআইবি—ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর ডেটাবেজে সব ঋণের হালনাগাদ ও সঠিক তথ্য নিশ্চিত করতে বলা হয়।

গুরুত্বপূর্ণ বিষয় হলো,বার্ষিক ফি, নবায়ন ফি বা অন্যান্য লেনদেন বহির্ভূত বকেয়া চার্জের কারণে যেসব ঋণ ভুলভাবে ‘খারাপ ঋণ’ হিসেবে শ্রেণিকরণ করা হয়েছিল, সেগুলো শিগগিরই সংশোধন করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বিশ্লেষকরা বলছেন, নির্বাচনী প্রক্রিয়ার আগে সম্ভাব্য প্রার্থীদের আর্থিক অবস্থার স্বচ্ছতা নিশ্চিত করতে এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।