ভারত এবং কানাডার ওপর নতুন করে শুল্ক আরোপের কড়া হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন কৃষকদের স্বার্থ রক্ষার কথা উল্লেখ করে তিনি বলেন, “প্রয়োজনে ভারতের চাল এবং কানাডার সারের ওপর সঙ্গে সঙ্গে নতুন শুল্ক আরোপ করা হবে।”
শুক্রবার রাজধানী ওয়াশিংটনে হোয়াইট হাউসে কৃষকদের জন্য ১ হাজার ২০০ কোটি ডলারের একটি বিশাল প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেন প্রেসিডেন্ট ট্রাম্প। প্রণোদনা ঘোষণা শেষে সাংবাদিকদের সামনে যুক্তরাষ্ট্রের কৃষিখাতের ক্ষতি এবং আন্তর্জাতিক আমদানি নীতির বিষয়ে কড়াভাবে অবস্থান জানান তিনি।
ট্রাম্প বলেন,“কানাডা থেকে এত বেশি সার আমদানি হচ্ছে যে আমাদের দেশীয় সারের বাজার ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই বাজার রক্ষা করতে হলে উচ্চ শুল্ক আরোপ ছাড়া কোনো উপায় নেই।”
এসময় সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন—ভারতের চাল এখনও যুক্তরাষ্ট্রের বাজারে ব্যাপকভাবে রাজত্ব করছে, এ পরিস্থিতিতে হোয়াইট হাউসের অবস্থান কী?
জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প আরও কঠোর বার্তা দেন। তিনি বলেন,“আপনারা খুব ভালো বিষয় তুলে ধরেছেন… অনেকেই আমাকে এই বিষয়ে বলেছেন। সমাধান খুব সহজ—আরও শুল্ক আরোপ করা। দুই মিনিটে সব ঠিক হয়ে যাবে।”
তিনি আরও বলেন,“আমাদের কৃষকরা এই দেশের মেরুদণ্ড। বছরের পর বছর অবহেলায় মার্কিন কৃষি পিছিয়ে ছিল। কিন্তু আমার নেয়া শুল্কনীতির কারণেই আমরা আজ কৃষকদের এই বিশাল প্রণোদনা দিতে পারছি। এই নীতি কেবল রাজস্ব আয়ের জন্য নয়, বরং যুক্তরাষ্ট্রের কৃষি, শিল্প এবং অভ্যন্তরীণ উৎপাদন রক্ষা করাই এর মূল লক্ষ্য।”
শেষে ট্রাম্প বলেন,“মার্কিন উদ্যোক্তা এবং দেশীয় উৎপাদনকে রক্ষা করা এই প্রশাসনের প্রথম দায়িত্ব।”
