বাংলাদেশের জন্য সাড়ে ৪০০ কোটি ডলার ঋণের প্রথম কিস্তি অনুমোদনের বিষয়টি আগামী ৩০ জানুয়ারির বোর্ড সভায় বিবেচনার আশা করছেন আইএমএফের উপব্যবস্থাপনা পরিচালক অ্যান্তইনেত মনসিও সায়েহ। তবে অপ্রয়োজনীয় ভর্তুকি এবং অর্থ পাচার বন্ধ না করতে পারলে এ ঋণের সুফল মিলবে না বলে মনে করেন অর্থনীতি বিশেষজ্ঞরা।
সম্প্রতি অর্থনীতিবিদ ড. এম মাসরুর রিয়াজ বলেন, অর্থপাচার কিংবা অপ্রয়োজনীয় খাতে ভর্তুকি বন্ধ করা না গেলে, এই ঋণেও শঙ্কা কাটবে না।
তিনি বলেন, বিদ্যুতের ক্ষেত্রে অপ্রয়োজনীয় ভর্তুকি রয়েছে। সেটি ক্যাপাসিটি পেমেন্ট নামেই বলা হোক বা অন্য কোনো নামে বলা হোক। সেগুলোকে রেশনালাইজ করতে হবে। একইসঙ্গে ট্রেড ফাইন্যান্সের অপব্যবহার রোধ করতে হবে। আবার ঋণ নিয়ে ঋণ ফেরত না দিয়ে সেই অর্থ বিদেশে পাচার করে দেয়া; বা মিস গভার্নেন্স অব ক্রেডিট ম্যানেজমেন্টসহ বিষয়গুলোর দিকে নজর দিতে হবে। আর্থিক খাতে সার্বিকভাবে শৃঙ্খলা আনতে হবে। আমাদের এ ধরনের পরিবর্তনই দরকার।
দেশের চলমান ডলার সংকট যেন দীর্ঘমেয়াদে না ভোগায়, সে জন্যই আন্তর্জাতিক মুদ্রা তহবিলের দ্বারস্থ হয়েছে সরকার। শুধু তাই নয়, ঢাকায় সংস্থাটির উপমহাব্যবস্থাপকের সফরের মধ্যেই নিশ্চয়তা মিলেছে প্রত্যাশিত সাড়ে ৪০০ কোটি ডলার ঋণের প্রথম কিস্তি শিগগিরই পেতে যাচ্ছে বাংলাদেশ। এ খবরে কিছুটা হলেও স্বস্তিতে ব্যবসায়ীরা। যদিও ঝুঁকি এড়াতে প্রয়োজন বুঝে অর্থ ব্যয়ের পরামর্শ তাদের।
বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) পরিচালক মো. আসলাম সেরনিয়াবাত বলেন, ‘আমি বিভিন্ন সময়ে দেখি, অনেক জায়গায় রাস্তা নেই, কিন্তু ব্রিজ হয়ে আছে। আবার অনেক জায়গায় রাস্তা আছে কিন্তু কোনো ব্যবহার নেই। যারা উন্নয়নমূলক কাজগুলো করেন তাদের সতর্ক হওয়া উচিত। সাড়ে ৪০০ কোটি ডলারের ঋণ আসবে, তাই আমি আশা করি এতে দেশের ব্যবসা বাণিজ্য গতি পাবে।’
উল্লেখ্য, ৭ কিস্তিতে ২০২৫ সালের মধ্যে বাংলাদেশকে সাড়ে ৪০০ কোটি ডলারের ঋণ দেবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল। সব ঠিক থাকলে জানুয়ারির ৩০ তারিখে অনুষ্ঠিত হতে যাওয়া আইএমএফ এর বোর্ড সভায় যার প্রথম কিস্তি চূড়ান্ত অনুমোদন পেতে যাচ্ছে।
