আজ মাদারীপুরে বাণিজ্যিক সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা

মাদারীপুরে বাণিজ্যিক সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহরের লেকপাড় এলাকার লেকভিউ পার্টি সেন্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, একটা সময় জুয়েলারি ব্যবসায়ীরা ছন্নছাড়া ও ছিন্নবিচ্ছিন্ন ছিলো। সায়েম সোবহান আনভীরের নেতৃত্বে সকল স্বর্ণ ব্যবসায়ীরা এখন এক ছাতার নিচে আসতে পেরেছে। সায়েম সোবহান আনভীর সকল স্বর্ণ ব্যবসায়ীকে বটবৃক্ষের ন্যায় ছায়া দিয়ে রক্ষা কবচ হয়ে দাঁড়িয়েছেন। তিনি যখন থেকে প্রেসিডেন্ট হয়ে বাজুসের হাত ধরেছেন তারপর থেকে সকল স্বর্ণ ব্যবসায়ী অনেক ভালো আছে। বর্তমানে বাজুস দেশের একটি শক্তিশালী সংগঠন।

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এম. এ ওয়াদুদ খান বলেন, বর্তমান প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীর এমন এক ব্যক্তি তিনি ছাইতে হাত দিলে ছাই স্বর্ণ হয়ে যায়। তাদের যতগুলো ব্যবসা প্রতিষ্ঠান আছে সবগুলোই মানুষের সেবা করে যাচ্ছে। তিনি বাজুসের প্রেসিডেন্ট হওয়ার পরে বাজুসের সদস্য সংখ্যা বেড়ে ৪০ হাজারে পৌঁছে গেছে। আমরা মনে করি, সায়েম সোবহান আনভীরের নেতৃত্বে বাংলাদেশের স্বর্ণশিল্প অতি দ্রুত বাহিরের দেশেও রপ্তানি করা হবে।
বাজুস মাদারীপুর জেলা শাখার সভাপতি ননী গোপাল কর্মকার নন্দর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশনের (বাজুস) সাবেক সভাপতি ও স্ট্যান্ডিং কমিটি অন ল এন্ড মেম্বারশিপের চেয়ারম্যান এম. এ ওয়াদুদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাজুস স্ট্যান্ডিং কমিটি অন ল এন্ড মেম্বারশিপের সহ-সম্পাদক ও চেয়ারম্যান মাসুদুর রহমান কচি ভূঁইয়া, বাজুসের কার্যনির্বাহী সদস্য ও স্ট্যান্ডিং কমিটি অন ডিস্ট্রিক্ট সদস্য পবিত্র চন্দ্র ঘোষ।

অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাজুস মাদারীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক হারুনুর রশিদ সিকদার কামাল। সঞ্চালনায় ছিলেন আতিকুর রহমান বাবু ও ওবাইদুর রহমান আকন। এছাড়াও সভায় জেলার জুয়েলারি ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

এসময় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীরের পক্ষে সম্মাননা স্মারক গ্রহণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথি। এ ছাড়া অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে সম্মাননা স্মারক ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।

 

Share this news as a Photo Card