কৃষি মন্ত্রণালয়ে চিঠি দেয়া হয়েছে পেঁয়াজ আমদানির জন্য

বাজারে ভোক্তা পর্যায়ে পেঁয়াজের দাম বৃদ্ধি পাওয়ায় পেঁয়াজ আমদানির জন্য বাণিজ্য মন্ত্রণালয় থেকে কৃষি মন্ত্রণালয়ে চিঠি দেয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

রোববার (২১ মে) রাজধানীর বাড্ডা আলাতুন্নেছা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও মেধা পুরস্কার এবং গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, আমাদের দেশে পেঁয়াজ উৎপাদন পর্যাপ্ত হয়েছে।

তবে বেশি মুনাফা লাভের আশায় অনেকে পেঁয়াজ মজুত রেখে সংকট তৈরি করে বাজারকে অস্থিতিশীল করছে।

ভোক্তা পর্যায়ে পেঁয়াজের দাম কয়েকদিনের ব্যবধানে বেড়েছে।

এতে বর্তমান বাজার বিবেচনায় পেঁয়াজ আমদানির জন্য বাণিজ্য মন্ত্রণালয় থেকে কৃষি মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে।

ইমপোর্ট পারমিট (আইপি) কৃষি মন্ত্রণালয় দিয়ে থাকে উল্লেখ করে টিপু মুনশি বলেন,

প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য কৃষি মন্ত্রণালয়কে বলা হয়েছে।

বাজার পর্যবেক্ষণ করে তারা এ ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেবে বলে বাণিজ্য মন্ত্রণালয়কে জানিয়েছেন।

এছাড়া দেশের কৃষকরা যাতে পেঁয়াজের ন্যায্য মূল্য পান সেজন্য মূলত ইমপোর্ট পারমিট বন্ধ রাখা হয়েছে বলে জানান টিপু মুনশি।

তিনি বলেন, এখন যেহেতু ভোক্তাদের বাজারে পেঁয়াজ কিনতে হিমশিম খেতে হচ্ছে তাই আমদানি করা ছাড়া উপায় নেই।

আমদানির পর বাজারে স্থিতিশীলতা আসবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

আর বাজার মনিটরিং করা হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরসহ সংশ্লিষ্টদের দিয়ে বাজার মনিটরিং করা হচ্ছে।

নির্ধারিত দামে বাজারে চিনি বিক্রয় হচ্ছে কি-না তাও পর্যবেক্ষণে মনিটরিং করা হচ্ছে।

আরও পড়ুন :

এনএএন টিভি