হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালন ও রক্ষণাবেক্ষণের কাজ সরকারি-বেসরকারি অংশীদারিত্বে (পিপিপি) হবে।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) ভার্চ্যুয়ালি সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভার সভায় এ অনুমোদন দেয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
সভাশেষে অনুমোদিত প্রস্তাবগুলোর বিস্তারিত তুলে ধরেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান।
তিনি বলেন, ‘অপারেশন অ্যান্ড মেইন্টেনেন্স অব থার্ড টার্মিনাল অ্যাট হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট’ শীর্ষক প্রকল্প নীতিগত অনুমোদন দেয়া হয়েছে। প্রকল্পটি পিপিপি ভিত্তিতে বাস্তবায়ন করা হবে।
পিপিপিতে এই প্রকল্পের কাজ কারা পাচ্ছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, পিপিপি’র আওতায় এখন নীতিগত অনুমোদন দেয়া হয়েছে। কোম্পানি এখনো নির্ধারণ করা হয়নি।
চলতি বছরের অক্টোবরে উদ্বোধন করা হতে পারে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল (টার্মিনাল-৩)। সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরের আদলে হচ্ছে এটির কাজ। এরইমধ্যে প্রকল্পের কাজ শেষ হয়েছে ৫১ শতাংশের বেশি।
শাহজালালের তৃতীয় টার্মিনাল নির্মাণ প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) অনুমোদন পায় ২০১৭ সালের ২৪ অক্টোবর। সে সময় ব্যয় ধরা হয়েছিল ১৩ হাজার ৬১০ কোটি টাকা। পরে আরও ৭ হাজার ৭৮৮ কোটি ৫৯ লাখ টাকা বাড়িয়ে প্রকল্পের আকার দাঁড়ায় প্রায় ২১ হাজার ৩৯৮ কোটি টাকা। ২০১৯ সালের ডিসেম্বরে প্রকল্পটির নির্মাণ শুরু হয়।
এ খরচের বেশির ভাগ আসছে জাপানি সহযোগিতা সংস্থা জাইকার কাছ থেকে। সংস্থাটি ঋণ হিসেবে দিচ্ছে ১৬ হাজার ১৪১ কোটি ২ লাখ ৪৫ হাজার টাকা। বাকি ৫ হাজার ২৫৮ কোটি ৩ লাখ ৮৮ হাজার টাকা দিচ্ছে বাংলাদেশ সরকার।
শাহজালালে বর্তমানে দুটি টার্মিনাল রয়েছে। যার আয়তন এক লাখ বর্গমিটার। তৃতীয় যে টার্মিনালটি হচ্ছে, সেটির আকার বর্তমান দুটি টার্মিনালের দ্বিগুণের বেশি। দুই লাখ ৩০ হাজার বর্গমিটার হবে এর আয়তন। ২০১৯ সালের ডিসেম্বরে শুরু হয় এর নির্মাণকাজ।
