পহেলা বৈশাখকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন পিরোজপুর ও পটুয়াখালীর মৃৎশিল্পীরা ।
এখন চলছে শেষ পর্যায়ে মাটির তৈজসপত্র ও খেলনা রাঙিয়ে তোলার কাজ।
বাংলা নববর্ষ উদ্যাপন উপলক্ষে গ্রাম ও শহরে মেলাসহ নানান লোকজ উৎসব অনুষ্ঠিত হয়।
আর এসব অনুষ্ঠানকে কেন্দ্র করে বাড়ে মাটির তৈরি বিভিন্ন পণ্যের চাহিদা।
এতে ফাল্গুন থেকেই মাটির তৈজসপত্র ও খেলনা তৈরিতে ব্যস্ত হয়ে পড়েন পালপাড়ার মৃৎশিল্পীরা ।
বৈশাখ উপলক্ষে পণ্য প্রস্তুতে ব্যস্ত সময় পার করছেন পিরোজপুরের পাঁচটি পালপাড়ার প্রায় দেড় হাজার মৃৎশিল্পী।
এখন চলছে শেষ মৃহূর্তে মাটির তৈরি পণ্য রাঙিয়ে তোলার কাজ। পরে এসব তৈজসপত্র ও খেলনা রাজধানী ঢাকাতেও সরবরাহ করা হচ্ছে।
এক মৃৎশিল্প কারিগর বলেন, রং দিয়ে এবং বিভিন্ন কারুকাজ করে আমরা এ মাটির তৈরি তৈজসপত্র ও
খেলনা তৈরি করি যাতে আমরা মানুষকে আরও সহজভাবে সৌন্দর্যের কাছে পৌঁছে দিতে পারি।
আমরা সারা বছরই এ কাজ করি। তবে এ সময়ে আমাদের ব্যস্ততা একটু বাড়ে।
শিল্পীরা বলছেন, বাংলা নববর্ষ উপলক্ষে ঐতিহ্যবাহী পণ্যের বিক্রি বাড়লে সারা বছরের লোকসান তারা কিছুটা কাটিয়ে উঠতে পারবেন।
এদিকে পরিবেশবান্ধব মৃৎশিল্পের আধুনিকায়নে পদক্ষেপের কথা জানিয়ে পিরোজপুর বিসিকের উপব্যবস্থাপক মিলটন চন্দ্র বৈরাগী বলেন,
‘পিরোজপুরের জেলা প্রশাসন থেকেও তাদের বিনামূল্যে আধুনিক যন্ত্রপাতি সরবরাহ করা হয়েছে এবং আমরা বিসিক
ও অন্যান্য দফতর থেকে ঋণ সহযোগিতাও করে থাকি।
এদিকে বর্ষবরণ সামনে রেখে পটুয়াখালীর বাউফলের পালপাড়ার মৃৎশিল্পীরাও তৈজসপত্রসহ সৌখিন পণ্য প্রস্তুতে ব্যস্ত।
সেখানের মাটির তৈরি পণ্য কিনতে ভিড় করছেন ব্যবসায়ীরা। পরে তা রফতানি করা হচ্ছে দেশের বাইরেও।
এক ব্যবসায়ী বলেন, ‘আমাদের কিছু কিছু পণ্য ইউরোপে যাচ্ছে, যেমন দইয়ের পাত্র।
কিন্তু আমদানিকারকরা একটু হালকা ওজনের পণ্য চাচ্ছেন। কিন্তু আমাদের কাছে তো আধুনিক ও রকম পণ্য তৈরি করার মেশিন নেই।
তাই সরকারি ঋণ সহায়তার দাবি জানিয়ে আরেকজন ব্যবসায়ী বলেন, ‘আমাদের স্বল্প সুদে দীর্ঘমেয়াদি ঋণের প্রয়োজন আছে।
যাতে আমরা বেশি কিছু আধুনিক মেশিন কিনতে পারি।
আরও পড়ুন:
- সেনাবাহিনীর পরিসর বৃদ্ধির প্রক্রিয়া জোরদার করছে রাশিয়া
- সোনায় মোড়ানো জিলাপির অর্ডার নেওয়া বন্ধের ঘোষণা

Comments are closed.