মাওয়া মৎস্য আড়তে চলছে চরা দামে ইলিশ বিক্রি

মাওয়া মৎস্য আড়তে চলছে ইলিশ বেচাকেনার ধুম। ছুটির দিনে রুপালি ইলিশের স্বাদ নিতে বিভিন্ন এলাকার মানুষ ভিড় করছেন হাটে।

তবে একদিনের ব্যবধানে কেজিতে ইলিশের দাম বেড়েছে ৪০০ টাকা পর্যন্ত।

মুন্সীগঞ্জের পদ্মাতীরের মাওয়া মৎস্য আড়ত। গ্রীষ্মের ভোরে এ মৎস্য আড়তে বসেছে ইলিশের পসরা।

পদ্মার বড় বড় ইলিশের রুপালি ঝিলিক চারদিকে।

ইলিশের স্বাদ নিতে তাই ছুটির দিনে নানা অঞ্চলের পাইকার, ক্রেতা ও শিমুলিয়ার হোটেল মালিকদের পদচারণায় উপচে পড়া ভিড়।

নিলাম ডাকে পাইকারি ইলিশ কিনতে হুমড়ি খেয়ে পড়ছেন তারা।

তবে হাটে আগুন দামে বিক্রি হচ্ছে ইলিশ। সরবরাহ স্বাভাবিকের চেয়ে বেশি হলেও একদিনের ব্যবধানে দাম বেড়েছে ৪০০ টাকা।

বড় ইলিশ কেজিতে ২ হাজার ২০০ টাকা দাম হাঁকা হচ্ছে।

ক্রেতারা বলছেন, বাজারে ইলিশের প্রচুর সরবরাহ থাকার পরও দাম অনেক বেশি। সিন্ডিকেট করে দাম বাড়ানো হচ্ছে।

আর সিন্ডিকেটের অভিযোগ অস্বীকার করে আড়তদাররা দুষছেন কারেন্ট জালকে।

তারা বলেন, প্রতিবছর এ সময় হাটে ৪ টন ইলিশের আমদানি হলেও, এবার মাত্র হয়েছে ১ টন। তাই দাম কিছুটা বেড়েছে।

মুন্সীগঞ্জ মাওয়া মৎস্য আড়তের সভাপতি ছানা রঞ্জন দাস বলেন, হাটে সিন্ডিকেটের কোনো সুযোগ নেই।

তবে ছুটির দিন হওয়াতে চাহিদা বেশি থাকায় দাম কিছুটা বেড়েছে।

এ হাটের ২৯টি আড়তে প্রতিদিন দুই থেকে তিন ঘণ্টায় বিক্রি হয় প্রায় কোটি টাকার মাছ।

আরও পড়ুন :

এনএএন টিভি