সালমান এফ রহমান সৌদি আরবে এর বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন

সৌদি আরবে প্রস্তাবিত ইউরিয়া সার কারখানা স্থাপনের বিষয়ে দেশটির বাণিজ্য ও মিডিয়াবিষয়ক মন্ত্রী মাজিদ বিন আবদুল্লাহ আল কাসাবির সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সৌদি আরবের বাণিজ্যমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ সহযোগিতা কামনা করেন। সৌদি বাণিজ্যমন্ত্রীও দুদেশের মধ্যে বিদ্যমান ইতিবাচক সম্পর্কের উল্লেখ করে এ কারখানা স্থাপনের বিষয়ে সম্ভাব্য সব রকম সহযোগিতার আশ্বাস দেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৈঠকে আগামী ১১-১৩ মার্চ ঢাকায় অনুষ্ঠেয় বাংলাদেশ বিজনেস সামিটে সৌদি বাণিজ্যমন্ত্রীর ঢাকা সফর নিয়ে আলোচনা হয়। মাজিদ সরকারি-বেসরকারি ও ব্যবসায়ী প্রতিনিধি সমন্বয়ে একটি বড় প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।

বৈঠকে এরই মধ্যে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকগুলো বাস্তবায়নের বিষয়ে আলোচনা হয়। এতে বাংলাদেশ থেকে সৌদি আরবে ২১৩টি পণ্যের শুল্কমুক্ত প্রবেশে সহায়তার আশ্বাস দেন দেশটির বাণিজ্যমন্ত্রী।

এছাড়া সালমান এফ রহমান বিকেলে সৌদি বেসিক ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (এসএবিআইসি) সিইও আব্দুলরহমান আল-ফাগীর সঙ্গে বৈঠক করেন। সেখানে প্রস্তাবিত ইউরিয়া সার কারখানা স্থাপন সংক্রান্ত একটি ‘কনসেপ্ট নোট’ উপস্থাপন করা হয়। এসএবিআইসি সিইও এ প্রস্তাবকে স্বাগত জানিয়ে পরবর্তী কার্যক্রম গ্রহণে সম্মতি দেন।

বৈঠকে সালমান এফ রহমান কটন-বেজড তৈরি পোশাক শিল্পে বাংলাদেশের সক্ষমতা উল্লেখ করেন। এ সময় আর্টিফিশিয়াল ফেব্রিক তৈরিতে এসএবিআইসি এবং বাংলাদেশের ব্যবসায়ীদের মধ্যে সম্ভাব্য কৌশলগত সম্পর্ক স্থাপনের বিষয়টি উপস্থাপন করলে এসএবিআইসি সিইও ঐকমত্য পোষণ করেন।

আব্দুলরহমান আল-ফাগীকে তার সুবিধামতো সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান সালমান এফ রহমান। দুদেশের ইতিবাচক সম্পর্ককে অর্থনৈতিক ক্ষেত্রে সম্প্রসারণের জন্য পারস্পরিক আশ্বাসের মধ্যদিয়ে বৈঠক শেষ হয়।

এসব বৈঠকে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বিপিএমসহ (বার) অন্যান্য কর্মকর্তা অংশ নেন।

Share this news as a Photo Card