স্পেনে হু হু করে বাড়ছে খাবারের দাম

দেশটিতে চিনি, দুধ, মাখন, ময়দা এবং অন্যান্য খাবারের দাম এতটাই বেড়ে গেছে যে গত বছরের ডিসেম্বরে সেখানে খাদ্যমূল্য প্রায় বিগত ২০ বছরের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে যায়।

শুক্রবার (১৪ জানুয়ারি) দেশটির জাতীয় পরিসংখ্যান ইনস্টিটিউট জানায়, গত ডিসেম্বরে স্পেনে খাবারের দাম রেকর্ড গতিতে বেড়েছে। বছর ব্যবধানে যার হার ১৫ দশমিক ৭ শতাংশ।

সংস্থাটি বলছে, ১৯৯৪ সালের পর খাবারের দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। দাম বেড়ে যাওয়া খাবারের মধ্যে সবচেয়ে বেশি দাম বেড়েছে চিনি, দুধ, মাখন, অলিভ অয়েল, কোমল পানীয়, ময়দা ও ময়দাজাতীয় খাবারের।

এদিকে গত মাসে স্পেনের সামগ্রিক মূল্যস্ফীতি কমেছে। ডিসেম্বরে দেশটির মূল্যস্ফীতির হার ছিল ৫ দশমিক ৭ শতাংশ। যা নভেম্বরে ছিল ৬ দশমিক ৮ শতাংশ। মূল্যস্ফীতি কমে আসার পিছনে প্রধান কারণ হিসেবে বিদ্যুৎ ও জ্বালানির দাম কমে আসাকে মনে করা হচ্ছে। মূলত আবহওয়ার কারণেই বিদ্যুৎ ও জ্বালানির চাহিদা গত মাসে তুলনামূলক কম ছিল সেখানে।

তাছাড়া গত ডিসেম্বরের মূল্যস্ফীতির হার ২০২২ সালের মধ্যে সবচেয়ে কম ছিল বলে জানিয়েছে সরকারি পরিসংখ্যান সংস্থা। এমনকি এটি অন্যান্য ইউরোপী দেশগুলোর মধ্যেও সর্বনিম্ন ছিল।

তবে ২০২২ সালে স্পেনের গড় মূল্যস্ফীতি ৮ দশমিক ৩ শতাংশ। যা ১৯৮৬ সালের পর দেশের সর্বোচ্চ।

ইতোমধ্যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে একটি নতুন প্যাকেজের অনুমোদন দিয়েছে মাদ্রিদ। যার মধ্যে উল্লেখযোগ্য একটি পদক্ষেপ হচ্ছে- বেশ কয়েকটি নিত্যপ্রয়োজনীয় খাবারের ওপর ভ্যাট কমিয়েছে স্পেন সরকার। এটি চলতি মাসের ১ জানুয়ারি থেকেই কার্যকর করা হয়েছে। তবে সরকারের এর পদক্ষেপ কতটা কার্যকরী হবে, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বেশ কয়েকজন বিশ্লেষক।

ইএই বিজনেস স্কুলের অধ্যাপক জুয়ান কার্লোস হিগুয়েরাস ‘এল পাইস’ পত্রিকাকে বলেন, ‘যেহেতু ১ জানুয়ারি থেকে ভ্যাট কমাতে হবে, তাই অনেক ব্যবসায়ী আগে থেকেই পণ্যের দাম বাড়িয়ে দিয়েছেন।’

ভ্যাট থাকুক বা না থাকুক, খাবারের দাম বাড়তে থাকবেই উল্লেখ করে তিনি বলেন, কারণ সরবরাহ ব্যবস্থার মধ্যে অনেক মধ্যস্বত্বভোগী আছেন যারা সরকারের এ পদক্ষেপের সুযোগ নিবেন।

Share this news as a Photo Card