কপূর পরিবারের কেন্দ্রে রাহা! একরত্তিকে নাকি হিংসে করে আলিয়ার ননদের কন্যা

রাহাকে এক ঝলক ক্যামেরাবন্দি করার জন্য মুখিয়ে থাকেন ছবিশিকারিরা। একরত্তি অবস্থা থেকেই তাকে নিয়ে চর্চা বি-টাউনে। আলিয়া ভট্ট এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, রাহা সংসারে আসার পরে জীবন বদলে গিয়েছে তাঁর। বাবা হিসাবেও মেয়েকে চোখে হারান রণবীর কপূর। তাঁর জীবনযাপনেও এসেছে পরিবর্তন। রাহাকে নিয়ে একসঙ্গে মেতে থাকে কপূর ও ভট্ট পরিবার। কিন্তু রাহাকে নাকি হিংসে করে আলিয়ার ননদ ঋদ্ধিমা কপূর সাহনির মেয়ে।

 

একরত্তি রাহার দিকেই সকলের মনোযোগ এখন। ক্যামেরার সামনে সে মুচকি হাসলেই ভিডিয়ো রাতারাতি ভাইরাল। রাহাকে একবার কোলে নিয়ে আদর করতে অপেক্ষা করে থাকেন পরিবারের সদস্যরাও। এই বিষয়টিই খুব একটা পছন্দ নয় আলিয়ার ননদের মেয়ে সামারার। বিশেষ করে তাঁর মা অর্থাৎ ঋদ্ধিমা যখন রাহাকে কোলে নিয়ে আদর করতেন মনে মনে হিংসে করত সামারা। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজেই জানান ঋদ্ধিমা। তবে সামারা নিজেও রাহাকে আদর করার জন্য মুখিয়ে থাকে।

ঋদ্ধিমা সম্পর্কে রাহার পিসি হন, হিন্দিতে যাকে বলে ‘বুয়া’। কিন্তু রাহা আধো-আধো স্বরে এখনও সঠিক ভাবে উচ্চারণ করতে পারে না। তাই পিসিকে সে এখন ‘বুহা’ বলে ডাকে।

 

২০২২-এর ১৪ এপ্রিল বিয়ে করেন আলিয়া ভট্ট ও রণবীর কপূর। পরিবার পরিজনকে নিয়ে বাড়িতেই বসেছিল বিয়ের আসর। সেই বছরই নভেম্বরে তাঁদের জীবনে আসে কন্যাসন্তান রাহা। জন্মের কয়েক মাস পরে রাহাকে ক্যামেরার সামনে আনেন রণবীর ও আলিয়া।

উল্লেখ্য, আলিয়াকে শেষ দেখা গিয়েছে ভাসান বালার ছবি ‘জিগরা’তে। অন্য দিকে রণবীর শেষ অভিনয় করেছেন সন্দীপ রেড্ডি বঙ্গা পরিচালিত ‘অ্যানিম্যাল’ ছবিতে। আগামীতে দু’জনের হাতেই রয়েছে একগুচ্ছ ছবি।

Share this news as a Photo Card