নুরকে নিয়ে বিতর্কিত পোস্ট, তোপের মুখে জয়

রাজধানীর বিজয়নগরে আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় গুরুতর আহত গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার মাথা, নাক ও চোয়ালের হাড় ভেঙে গেছে এবং এক চোখে মারাত্মক ক্ষতি হয়েছে। তবে, চিকিৎসকরা তাকে এখনও শঙ্কামুক্ত বলতে পারছেন না।

এদিকে, নুরের পরিবারের সদস্যরা ও তার সমর্থকরা তার দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও নুরের সুস্থতা কামনা করে সহানুভূতির পোস্ট করেছেন অনেকেই।

কিন্তু এই কঠিন সময়ে গণঅধিকার পরিষদের নেতা নুরুল হক নুরকে নিয়ে বিতর্কিত পোস্ট করে আলোচনার জন্ম দিয়েছেন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। শনিবার ভোরে তিনি তার ফেসবুকে একটি স্ট্যাটাসে লেখেন, ‌‘ভিপি নুর ভাইয়ের ইন্টারভিউ নেওয়ার কথা ছিল, আউটডোরে। কিন্তু টানা বৃষ্টির কারণে তা ক্যান্সেল হয়েছিল। আপনি সুস্থ হন। এবারের ইন্টারভিউ হবে ভয়াবহ।’

এর আগে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় গুরুতর আহত হন ভিপি নুর। তার মুখমণ্ডল ও বুক রক্তাক্ত হয়। সেখান থেকে দলীয় নেতাকর্মীরা দ্রুত হাসপাতালে নেন তাকে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, নুরকে রক্তাক্ত অবস্থায় স্ট্রেচারে করে নেওয়া হচ্ছে। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন। তবে তার জ্ঞান ফিরে এসেছে বলে নিশ্চিত করেছে তার অফিসিয়াল ফেসবুক পেজ।

 

এনএএন টিভি

Share this news as a Photo Card