দেশের ১০৭ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাকিব খানের ‘প্রিয়তমা’। সিঙ্গেল স্ক্রিন ও মাল্টিপ্লেক্স শো সমানতালে দর্শক টানছে সিনেমাটি। হলে হলে বাড়ছে উপচে পড়া ভিড়।
বেশীর ভাগ দর্শককেই অগ্রিম টিকিট না পেয়ে হতাশ হয়ে ফিরে যেতে হচ্ছে।
জানা গেছে, বসুন্ধরা সিনেপ্লেক্সে দৈনিক মাত্র ৪টি শো চলছে ‘প্রিয়তমা’র। সোমবারের সবগুলো শো’র অগ্রিম টিকিট আগেই বিক্রি হয়ে গেছে।
এ সময় দর্শকরা ক্ষোভ প্রকাশ করে সিনেপ্লেক্সে ‘প্রিয়তমা’র আরও কিছু শো বাড়ানোর দাবি করছেন।
টিকিট কাউন্টারে উপস্থিত দর্শকরা অভিযোগের সুরে প্রশ্ন রাখেন,
‘প্রিয়তমা’র এতো কাটতি থাকার পরেও সিনেপ্লেক্সে কেনো শো বাড়ানো হচ্ছে না?
এমন যদি হতো, সিনেপ্লেক্সে ‘প্রিয়তমা’র দর্শক নেই, তাহলে কর্তৃপক্ষের এমন সিদ্ধান্ত মেনে নেওয়া যেত!
শাকিব খানের ভক্তরা সোমবার বিকেলে ‘প্রিয়তমা’ দেখতে আসেন বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে।
তারা একত্রিত হয়ে ‘প্রিয়তমা’র পক্ষে কেক কাটেন এবং ব্যানার হাতে নিয়ে প্রিয়তমা ও শাকিব খানকে নিয়ে শ্লোগান দিতে দিতে বলেন, ‘স্টার সিনেপ্লেক্সে প্রিয়তমার শো বাড়ানো উচিত’।
পরিচালক হিমেল আশরাফ বলেন,
‘প্রতিদিন শতশত মানুষ টিকিট পাচ্ছে না এটা আমিও খেয়াল করছি। যারা টিকিট না পেয়ে ফিরে যাচ্ছেন তাদের জন্য আমার খারাপ লাগছে।’
‘তবে আমি মনে করি, প্রিয়তমা যারা দেখার, তারা যে কোনোভাবে দেখে নিচ্ছে। সিনেপ্লেক্স একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান।’
‘তারা যেটা করছে সেখানে আমার ব্যক্তিগতভাবে কিছু বলার কোনো সুযোগ নেই।’
হিমেল আশরাফের পরিচালনায় সিনেমাটিতে অভিনয় করেছেন শাকিব খান, ইধিকা পাল, এলিনা শাম্মী, শহীদুজ্জামান সেলিমসহ অনেকেই।
