হঠাৎ মিথিলাকন্যা আইরাকে নিয়ে আবেগঘন স্ট্যাটাস সৃজিতের

রাফিয়াত রশিদ মিথিলা ও তাহসান খানের মেয়ে আইরা তেহরীম খানও বাবা-মায়ের পথ ধরে নাম লেখালেন শোবিজে। তার অভিষেক হলো বিজ্ঞাপনের মাধ্যমে। পর্দায় আইরাকে দেখা গেছে মায়ের সঙ্গেই। এটা দেখার পরেই কলকাতার জনপ্রিয় পরিচালক মিথিলার স্বামী একটি আবেগঘন পোস্ট দিয়েছেন।

ভারতীয় পরিচালক সৃজিত মুখার্জি মিথিলাকন্যা আইরাকে বললেন ‘আমার রকস্টার’। ক্যামেরায় আইরাকে প্রথম দেখে খুব খুশি হয়েছেন তিনি।

রাফিয়াত রশিদ মিথিলা ও তাহসান খানের মেয়ে আইরা ছোট থেকেই সৃজিতের ভীষণ আদরের। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়শই মেয়ের সঙ্গে নানা মুহূর্ত শেয়ার করে নিতে দেখা যায় তাকে।
সম্প্রতি একটি বিজ্ঞাপনে মায়ের সঙ্গে এক ফ্রেমে হাজির হয়েছে ছোট্ট আইরা। সেই ভিডিও নিজের ফেসবুক ওয়ালে শেয়ার করেছেন পরিচালক।
 
মেয়েকে পর্দায় দেখে প্রথমে নিজের চোখকেই বিশ্বাস করতে পারেননি সৃজিত।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারকে তিনি বলেন, “দেখতে দেখতে বড় হয়ে গেল! আমি কি বুড়ো হচ্ছি জানি না, তবে চোখের সামনে সময় উড়ে গেল।”

যদিও মিথিলা-সৃজিত দাম্পত্য নিয়ে নানা গুঞ্জন শোনা যায়, তবে আইরার সঙ্গে সৃজিতের সম্পর্কের উষ্ণতা অটুট।
 
ভবিষ্যতে কি তবে পরিচালক হিসেবে আইরাকে নিজের ছবিতে নেবেন? এমন প্রশ্নে সৃজিতের উত্তর, “আমার কোনও ছবিতে যদি চরিত্রের সঙ্গে মানিয়ে যায়, অবশ্যই ওকে নিতে চাইব।”
 
উল্লেখ্য, তারকা দম্পতি তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার দীর্ঘ ১১ বছরের দাম্পত্যের সমাপ্তি ঘটে ২০১৭ সালের অক্টোবরে। তবে গানের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরেই শুরু হয়েছিল তাদের সম্পর্কের যাত্রা; এরপর ২০০৬ সালের ৩ আগস্ট বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা; এ জুটির রয়েছে একমাত্র কন্যা সন্তান- আইরা তেহরীম খান।  তাহসানের সঙ্গে বিচ্ছেদের পর সৃজিত মুখার্জিকে বিয়ে করেন মিথিলা। তবে সেই সংসারেও এখন শোনা যাচ্ছে ভাঙনের গুঞ্জন।