লুটের ১২ হাজার ঘনফুট পাথর বিছিয়ে দেওয়া হলো সাদাপাথরে

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পর্যটনকেন্দ্র সাদাপাথর থেকে লুট হওয়া পাথর উদ্ধারে অভিযান চালিয়েছে যৌথবাহিনী। রাতভর অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে ১২ হাজার ঘনফুট পাথর জব্দ করা হয়। পরে জব্দকৃত পাথর নৌকা দিয়ে ফের ধলাই নদীর সাদাপাথর এলাকায় বিছিয়ে দেওয়া হয়।

সাদাপাথরকে পূর্বের অবস্থানে ফিরিয়ে আনতে সিলেট প্রশাসন বুধবার (১৩ আগস্ট) থেকে কার্যক্রম শুরু করেছে। গতকাল রাতের মধ্যে ১২ হাজার ঘনফুট পাথর সাদাপাথরে বিছিয়ে দেওয়া হয়। এই কাজে উপজেলা প্রশাসন ও যৌথবাহিনীর সদস্যরা সক্রিয়ভাবে অংশ নেন।

এছাড়া, কলাবাড়ি এলাকায় পাথর ভাঙার কাজে ব্যবহৃত বেশ কিছু যন্ত্রের বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করা হয়। রাতের মধ্যেই জব্দকৃত পাথরগুলো সাদাপাথরে বিছিয়ে দেওয়া হয়। প্রশাসনের পরিকল্পনার অংশ হিসেবে স্থানটির পূর্বের অবস্থান ফিরিয়ে আনতেই এই উদ্যোগ নেওয়া হয়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার সাইফুল ইসলাম জানান, সাদাপাথর থেকে চুরি হওয়া পাথর উদ্ধারে আমরা প্রশাসনের সাথে সমন্বয় করে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করছি। লুট করা পাথর উদ্ধারে যৌথবাহিনীর অভিযান চলমান আছে।

এর আগে, সাদা পাথর লুটপাটের ঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি করে জেলা প্রশাসন। আগামী রবিবারের মধ্যে প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে। এদিকে লুটপাটের ঘটনা অনুসন্ধানে সাদাপাথর এলাকা পরিদর্শন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এনএএন টিভি