৩ ডিসেম্বর ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলন হচ্ছে না

আগামী ৩ ডিসেম্বর ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলন হচ্ছে না। ওই সময় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা রাষ্ট্রীয় সফরে থাকায় তার নির্দেশে এই সম্মেলন পেছানো হচ্ছে। তবে ডিসেম্বরেই যেকোনো তারিখে সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

মঙ্গলবার ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে এই নিদের্শনা দেন তিনি।

একইসঙ্গে নতুন তারিখ নেওয়ার জন্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে পরামর্শ করার কথাও বলেন শেখ হাসিনা। এ সময় আওয়ামী লীগের কয়েকজন কেন্দ্রীয় নেতা, কয়েকটি জেলা কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক ও কয়েকজন সাবেক ছাত্রনেতা গণভবনে উপস্থিত ছিলেন।

সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাদিনা রাষ্ট্রীয় সফরে আগামী ২৯ নভেম্বর জাপান যাবেন। সফর শেষ করে ৩ ডিসেম্বর দেশে ফিরবেন তিনি। এ কারণে আওয়ামী লীগের ভাতৃপ্রতীম সংগঠন ছাত্রলীগের সম্মেলন ৩ ডিসেম্বরের বদলে ওই মাসের অন্য যে কোনোদিন নির্ধারণের নির্দেশনা দিয়েছেন তিনি।

এ বিষয়ে জানতে চাইলে ছাত্রলীগের দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, ছাত্রলীগের সম্মেলনের তারিখ পরিবর্তনের বিষয়টি এখনও কনফার্ম হয়নি। হলেই জানিয়ে দেওয়া হবে।

ছাত্রলীগ সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, পরিবর্তিত তারিখ অনুযায়ী আগামী ৮ ডিসেম্বর ছাত্রলীগের সম্মেলনের নতুন তারিখ নির্ধারণ করা হতে পারে। সেটি হলে ৯ ডিসেম্বর অনুষ্ঠেয় আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুব মহিলা লীগের জাতীয় সম্মেলনের তারিখও পেছাতে পারে। সেক্ষেত্রে যুব মহিলা লীগের সম্মেলন ১৫ ডিসেম্বর বা পরবর্তী তারিখে হতে পারে।

Share this news as a Photo Card