স্ত্রীকে নোরা ফাতেহির মতো দেখতে চাইতেন স্বামী, অতঃপর…

এক চাঞ্চল্যকর ঘটনার অভিযোগ উঠেছে ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে। বিয়ের পর থেকেই এক তরুণীকে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হয়েছে বলে অভিযোগ। কারণ, তার স্বামী চেয়েছিলেন স্ত্রীকে বলিউড অভিনেত্রী নোরা ফাতেহির মতো দেখতে হোক। এজন্য স্ত্রীকে প্রতিদিন তিন ঘণ্টা ধরে ব্যায়াম করতে বাধ্য করা হতো। ব্যায়ামে গাফিলতি হলে তাঁকে কয়েকদিন খাবার থেকে বঞ্চিত করা হতো।

অভিযোগকারী তরুণী শানু (২৬) চলতি বছরের ৬ মার্চ বিয়ের পিঁড়িতে বসেছিলেন শিবম উজ্জ্বলের সঙ্গে। বিয়েতে কনের পরিবার প্রায় ৭৬ লক্ষ রুপি খরচ করেছে। যার মধ্যে ছিল ১৬ লক্ষ টাকার গয়না, ২৪ লক্ষ টাকার গাড়ি ও ১০ লক্ষ টাকা নগদ। কিন্তু বিয়ের কিছুদিনের মধ্যেই শানুর সংসারে অশান্তি দেখা দেয়।

শানুর অভিযোগ, স্বামী শিবম একটি সরকারি স্কুলের শারীরিক শিক্ষা শিক্ষক, প্রায়ই তাঁকে কটূক্তি করতেন এবং বলতেন তিনি নাকি নোরা ফাতেহির মতো সুন্দরী স্ত্রী পেতে পারতেন। এমনকি, শিবম নিয়মিত ইউটিউব ও ইনস্টাগ্রামে অশ্লীল ভিডিও দেখতেন।

শানুর অভিযোগ, স্বামী তাকে নিয়মিত শারীরিক নির্যাতন ও বডি শেমিং করতেন। তার ভাষায়, ‘আমার গড়পড়তা উচ্চতা এবং গায়ের রঙ ফর্সা থাকা সত্ত্বেও আমাকে কুৎসিত বলে অপমান করতেন। তিনি ইউটিউব ও ইনস্টাগ্রামে নারীদের অশ্লীল ভিডিও দেখতেন এবং বলতেন, আমি নাকি তার জীবন নষ্ট করছি। কারণ তিনি নাকি সহজেই নোরা ফাতেহির মতো কাউকে স্ত্রী হিসেবে পেতে পারতেন’।

তাকে প্রতিদিন তিন ঘণ্টা ব্যায়াম করতে বাধ্য করা হতো। কোনোদিন ব্যায়াম না করলে দিনের পর দিন খেতে দিত না।

শানু জানান, তাকে কখনোই শোবার ঘরের দরজা বন্ধ করতে দেওয়া হতো না। প্রায়ই শ্বশুর হঠাৎ ঘরে ঢুকে যেতেন, অজুহাত দিতেন ছেলে সম্পর্কে খোঁজখবর নিচ্ছেন।

একবার তো শিবম তার স্ত্রী শানুর মুখে ডায়েরি ছুঁড়ে মারেন। এ নিয়ে অভিযোগ করলে শ্বশুরবাড়ির লোকজন উল্টো নতুন জামাকাপড় ও ওভেন টোস্টার গ্রিলার আনার জন্য বাবার বাড়িতে যেতে বলেন।

এছাড়া শ্বশুরবাড়ির পক্ষ থেকে নিয়মিত নগদ টাকা, জমি, গহনা ও দামি পোশাক দাবি করা হতো। দাবি না মানলে শানুকে মানসিক নির্যাতনের শিকার হতে হতো।

এক পর্যায়ে গর্ভবতী হওয়ার খবর জানালে শানু ভেবেছিলেন শ্বশুরবাড়ির লোকজন হয়তো খুশি হবে। কিন্তু তারা একে কোনোরকম গুরুত্বই দেয়নি। উলটো কয়েক দিনের মধ্যেই ননদ ঋচি তাকে একটি গর্ভপাতের ওষুধ খাওয়ান।

শানুর ভাষায়, ‘শিবম (স্বামী) বলল, যখন আমাকে স্ত্রী হিসেবে মেনে নিতে পারেনি, তখন সন্তানকেও মেনে নেবে না’।

তাকে দইয়ের সঙ্গে বিশেষ মসলা মিশিয়ে খাওয়ানো হয়, যা বলা হয়েছিল ভ্রূণের জন্য ভালো। কিন্তু কয়েকদিনের মধ্যেই তার গলা জ্বালা শুরু হয় এবং অবস্থার অবনতি হতে থাকে। অবশেষে ৯ জুলাই হাসপাতালে ভর্তি হলে দেখা যায় তিনি প্রচুর রক্তক্ষরণে ভুগছেন এবং গর্ভপাত হয়ে গেছে।

এরই ধারাবাহিকতায় গত ১৮ জুন অসুস্থ অবস্থায় শানুকে তার বাবা-মায়ের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। সেদিনই স্বামী ও শ্বশুরবাড়ির লোকেরা ফোন করে তাকে গালাগালি করে এবং তালাকের হুমকি দেয়।

পরে ২৬ জুলাই শ্বশুরবাড়ি ফিরে গেলে তারা তাকে ভেতরে ঢুকতে দেয়নি। এমনকি তার গহনা ও জামাকাপড়ও ফেরত দেয়নি।

এরপর থেকে শানু তার বাবা-মায়ের সঙ্গেই থাকছেন।

গত ১৪ আগস্ট শানু মানসিক, শারীরিক ও আবেগজনিত নির্যাতন, যৌতুক দাবি, জোরপূর্বক গর্ভপাত, ব্ল্যাকমেইল ও তালাকের হুমকির অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।

এনএএন টিভি

Share this news as a Photo Card