আইনি জটিলতায় পড়েছেন বলিউড বাদশা শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। রাজস্থানের ভরতপুরে তাদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। একই মামলায় আরও ছয়জনকে আসামি করা হয়েছে।
এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, কীর্তি সিং নামের এক আইনজীবী অভিযোগটি করেছেন। তিনি ২০২২ সালে একটি গাড়ি কিনেছিলেন। ক্রয়ের সময় প্রতিষ্ঠানটিকে ৫১ হাজার রুপি অগ্রিম দেন এবং বাকি টাকা ঋণ নিয়ে পরিশোধ করেন। কিন্তু গাড়ি হাতে পাওয়ার পরপরই যান্ত্রিক সমস্যায় পড়েন তিনি। বিশেষ করে অ্যাকসেলেটরে বড় ধরনের ত্রুটি ধরা পড়ে, যা প্রাণঘাতী দুর্ঘটনার ঝুঁকি তৈরি করেছিল। অভিযোগ করেও সমাধান না পেয়ে শেষ পর্যন্ত তিনি আদালতের দ্বারস্থ হন।
তাহলে কেন শাহরুখ ও দীপিকার নাম মামলায় যুক্ত হলো? জানা গেছে, তারা ওই গাড়ি কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডর ছিলেন এবং বিজ্ঞাপনের মাধ্যমে প্রচার করেছিলেন। সেই কারণেই এফআইআরে তাদেরও আসামি করা হয়েছে।
এ ঘটনায় ভরতপুরের মথুরাগেট থানা পুলিশ তদন্ত শুরু করেছে। তবে এ বিষয়ে এখনো শাহরুখ খান বা দীপিকা পাড়ুকোনের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
কীর্তি সিংয়ের অভিযোগ, শাহরুখ খান এবং দীপিকা পাড়ুকোন হুন্দাইয়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কোম্পানির ত্রুটিপূর্ণ গাড়ির প্রচার ও ব্র্যান্ডিংয়ে অংশ নিয়েছেন। এই কারণে তাদেরকেও অভিযুক্ত হিসেবে মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এদিকে ১৯৯৮ সাল থেকে হুন্দাইয়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর শাহরুখ খান। অন্যদিকে ২০২৩ সালে কোম্পানিটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হন দীপিকা।
কীর্তি সিং জালিয়াতির বিষয়টি নিয়ে আদালতে অভিযোগ করেছিলেন। এরপর, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ২-এর নির্দেশে, মথুরা গেট থানায় একটি আবেদনের মাধ্যমে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ এই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে কীর্তি সিংয়ের অভিযোগের প্রেক্ষিতে।

One Reply to “শাহরুখ-দীপিকার বিরুদ্ধে মামলা”
Comments are closed.