পোল্যান্ডের ক্রাকো শহরের কেন্দ্রে ছয়জনকে গুলি করে হত্যার ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারী হাসপাতালে মারা গেছেন। ২৪ বছর বয়সী ওই ব্যক্তির বিরুদ্ধে নিজের বাড়িতে মা-বাবা ও বোনকেও হত্যার অভিযোগ রয়েছে ।
আজ সোমবার ভোরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। খবর বিবিসির।
পুলিশ জানায়, গত শনিবার পোল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম শহর ক্রাকোর কেন্দ্রে গুলিবর্ষণের সময় সশস্ত্র পুলিশ সদস্যদের সঙ্গে বন্দুকধারীর গোলাগুলি হয়। এতে তিনি গুলিবিদ্ধ হন। হামলার তিন মিনিটের মধ্যেই তাঁকে গুলি করা হয়। ফলে আরও বড় ধরনের হত্যাকাণ্ড ঠেকানো সম্ভব হয়েছে বলে মনে করছেন কর্মকর্তারা।
স্থানীয় সময় বিকেল ৩টার কিছু আগে ক্রাকোর ব্যস্ত মেইন মার্কেট স্কয়ারে এ গুলিবর্ষণের ঘটনা ঘটে। পুলিশ হামলাকারীকে ২৪ বছর বয়সী পোলিশ নাগরিক হিসেবে শনাক্ত করলেও তাঁর নাম প্রকাশ করেনি।
প্রাথমিক তদন্তের বরাত দিয়ে এক মন্ত্রী জানান, ওই ব্যক্তি চরম ডানপন্থী আদর্শে অনুপ্রাণিত ছিলেন বলে ধারণা করা হচ্ছে। তাঁকে একজন উগ্র জাতীয়তাবাদী হিসেবেও অভিহিত করেন তিনি।
এই হামলায় চার নারী ও দুই পুরুষসহ মোট ছয়জন নিহত হন। তাঁদের মধ্যে চারজন পোলিশ নাগরিক, একজন ব্রিটিশ নাগরিক এবং একজন অস্ট্রীয় নারী রয়েছেন।
পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক জানান, হামলার পর বন্দুকধারীর বাড়িতে তল্লাশি চালিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। পরে পুলিশ নিশ্চিত করে, নিহত ব্যক্তিরা হলেন সন্দেহভাজনের ৫৩ বছর বয়সী বাবা, ৫২ বছর বয়সী মা এবং ২১ বছর বয়সী বোন।
দেশটির গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সন্দেহভাজন ব্যক্তির আগ্নেয়াস্ত্র রাখার বৈধ অনুমতি ছিল। ধারণা করা হচ্ছে, পারিবারিক বাড়ি থেকেই তিনি অস্ত্রগুলো সংগ্রহ করেছিলেন।
