ঋষি সুনাকের স্বপ্ন সফল হলো। মঙ্গলবার যুক্তরাজ্যের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে ১০ ডাউনিং স্ট্রিটে ঢুকবেন তিনি।
সুনাকের প্রতিদ্বন্দ্বীরা কেউই দলের বেঁধে দেওয়া ১০০ জন এমপির সমর্থন পাননি। তাই কনজারভেটিভ দলের নেতা নির্বাচিত হতে তাকে কোনো চ্যালেঞ্জের মুখে পড়তে হয়নি। অত্যন্ত মসৃণভাবে নেতা নির্বাচিত হয়েছেন। যুক্তরাজ্যের প্রথম ভারতীয় বংশোদ্ভূত প্রধানমন্ত্রী হতে চলেছেন ঋষি।
কিন্তু যতটা সহজে এবার তিনি দলের নেতা নির্বাচিত হয়েছেন, সে ভাবেই কি তিনি প্রধানমন্ত্রী হিসেবে সফল হতে পারবেন? সোমবার থেকে এই প্রশ্নটাই যুক্তরাজ্য ঘুরপাক খাচ্ছে। তার কারণ, রীতিমতো কঠিন পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর চেয়ারে বসছেন ঋষি। যুক্তরাজ্যের অর্থনীতির হাল খুবই খারাপ।
প্রথমে করোনা, তারপর রাশিয়া-ইউক্রেন সংঘাতের ফলে অর্থনীতিতে অভূতপূর্ব চাপ পড়েছে। তা মন্দার দিকে চলে যেতে পারে। রাশিয়া থেকে পর্যাপ্ত গ্যাস ও তেল না আসায় এনার্জি-সংকটে ভুগছে গোটা ইউরোপ। দেশে বিদ্যুতের দাম হু হু করে বেড়ে গেছে। তাতে মানুষ ক্ষিপ্ত। মুদ্রাস্ফীতিতে নাকাল মানুষ। এই সংকট মেটাতে পারেননি বলেই ৪৬ দিনের মধ্যে প্রধানমন্ত্রিত্ব থেকে সরে দাঁড়িয়েছেন লিজ ট্রাস।
এই বছরে ঋষি হবেন রক্ষণশীল দলের তৃতীয় প্রধানমন্ত্রী। ফলে তার দলের মধ্যেও বিভাজন, অশান্তি বাড়ছে। সবমিলিয়ে পরিস্থিতি ঋষির জন্য একেবারেই আদর্শ নয়। আবার এটাও সত্যি, এই ধরনের পরিস্থিতিতে চ্যালেঞ্জ নিয়ে এগোতে পারেন একজন নেতা।
ঋষি বলেছেন
নেতা নির্বাচিত হওয়ার পর দলের নেতাদের ঋষি বলেছেন, তার প্রথম কাজ হলো দেশ ও দলকে ঐক্যবদ্ধ করা। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তিনি এই কাজ করবেন।
এমপি সাইমন বলেছেন, সুনাক জানিয়েছেন, খুবই কঠিন সময়ের মোকাবিলা করতে হবে। তবে নির্বাচন এগিয়ে আসার কোনো সম্ভাবনা নেই।
পরে দুই মিনিটের টিভি ভাষণে তিনি বলেন, আমি বিশ্বস্ততার সঙ্গে কাজ করব। দেশ এখন একটা ভয়ংকর কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। সেই সময়ে দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য লিজ ট্রাসকে ধন্যবাদ জানাই।
যুক্তরাজ্যে ২০২৫ সালের জানুয়ারিতে পরবর্তী নির্বাচন হবে। ততদিন পর্যন্ত প্রধানমন্ত্রী থাকতে পারবেন ঋষি। ততদিন পর্যন্ত তিনি কাজ করার সময় পেতে পারেন।
এর আগে অর্থমন্ত্রী হিসেবে তিনি করোনার সময় দেশের অর্থনীতির হাল ধরেছিলেন। ওই সময় সাধারণ মানুষের চিকিৎসার ব্যবস্থা করা, টিকা দেওয়ার কর্মসূচি, আর্থিক প্যাকেজ ঘোষণার কাজ করেছিলেন তিনি। ফলে তার সেই অভিজ্ঞতা আছে।

Comments are closed.