ইসরায়েলের বোমা হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় বৃহস্পতিবার অন্তত ২৮ জন নিহত হয়েছেন। এছাড়া, গাজা সিটিতে পৃথক দুটি হামলায় নিহত হয়েছেন ১২ জন।
গাজার বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর বরাতে এ খবর জানিয়েছে আল জাজিরা। অন্যদিকে, শুক্রবার সকালে বার্তা সংস্থা ওয়াফার বরাতে আল জাজিরা জানায়, দক্ষিণ, মধ্য ও উত্তর গাজায় বেশ কয়েকটি ভয়াবহ হামলার খবর পাওয়া গেছে গত কয়েক ঘণ্টায়।
দক্ষিণ গাজার খান ইউনিসের উত্তরে আল-কারারা শহরের পূর্ব অংশে ইসরায়েলি যুদ্ধবিমান বোমা হামলা চালিয়েছে। এতে দুজন নিহত হয়েছেন। মধ্য গাজার মাগাজি ক্যাম্পের প্রবেশপথে আল-কুদস ওপেন ইউনিভার্সিটির কাছে ইসরায়েলি বাহিনী একটি গাড়িকে লক্ষ্য করে হামলা চালায়। এতে দুজন নিহত হন।
ওয়াফা জানিয়েছে, উত্তর গাজার গাজা সিটির দারাজ এলাকায় একটি বাড়িতে ইসরায়েলি সামরিক হামলায় নিহতের সংখ্যা বেড়ে সাতজনে দাঁড়িয়েছে। এর আগে আল জাজিরা জানিয়েছিল, আল-শেখ পরিবারের বাড়িতে হামলায় নিহতদের মধ্যে অন্তত দুজন নারী রয়েছেন।
ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে, গাজা উপত্যকাজুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও ১০ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন। গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও অবরুদ্ধ এই ভূখণ্ডে নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে ইসরায়েল।

One Reply to “ইসরায়েলের বর্বর হামলায় আরও ২৮ ফিলিস্তিনি নিহত”
Comments are closed.