উগান্ডায় ভূমিধসে ১৫ জনের মৃত্যু, নিখোঁজ ১১৩

উগান্ডায় ভূমিধসে শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। তল্লাশি চালিয়ে এপর্যন্ত কমপক্ষে ১৫ জনের লাশ পাওয়া গেছে। স্বজনদের মাতমে ভারী পরিবেশ।
টানাবৃষ্টিতে পূর্বাঞ্চলীয় বুলাম্বুলি জেলার ছয়টি গ্রামে ভূমিধসে বহু বাড়ি মাটিচাপা পড়ে। রাজধানী কাম্পালা থেকে অন্তত ২৮০ কিলোমিটার দূরে ওই ঘটনায় কাদার ঢলে অন্তত ৪০টি বাড়ি ভেসে যায়। নিখোঁজ অন্তত ১১৩ জনকে উদ্ধারের জন্য স্থানীয়দের পাশাপাশি রেড ক্রসের স্বেচ্ছাসেবকরা যোগ দিলেও দুর্যোগপূর্ণ আবহাওয়া আর পাহাড়ি এলাকা হওয়ায় ব্যাহত হচ্ছে উদ্ধারতৎপরতা।

পুলিশ জানিয়েছে, প্রথম কয়েক ঘণ্টার অভিযানে ছয় শিশুসহ অন্তত ১৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। আহত আরও ১৫ জনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে।

টানা বৃষ্টির কারণে নদীর তীর উপচে পড়া পানির ঢলে শুধু বাড়িঘর, উপাসনালয় আর স্কুল ভবনই নয় ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক সেতু। উদ্ধার অভিযানে যাওয়া নৌযান ডুবে মারা গেছেন এক প্রকৌশলী। দেশটির ইতিহাসে ভূমিধসে সর্বোচ্চ তিনশ’ মানুষের মৃত্যু হয়েছিলো ২০১০ সালে।

এনএএন টিভি