ট্রাম্পের বেশিরভাগ শুল্ককে অবৈধ ঘোষণা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত বেশির ভাগ শুল্কই বেআইনি। এ রায়ে রিপাবলিকান প্রেসিডেন্টের আন্তর্জাতিক অর্থনৈতিক নীতি হিসেবে শুল্ক ব্যবহারের কৌশল বড় ধাক্কা খেল। যদিও আপিল আদালত এই রায়ের বিষয়ে বিভক্ত ছিলেন।

ট্রাম্প প্রশাসন যেন সুপ্রিম কোর্টে আপিল করার সুযোগ পায়, সে জন্য আদালত ১৪ অক্টোবর পর্যন্ত শুল্ক বহাল রাখার নির্দেশ দিয়েছেন। এ রায় এসেছে এমন সময়ে, যখন ফেডারেল রিজার্ভের স্বাধীনতা নিয়ে চলমান আরেকটি মামলাও সুপ্রিম কোর্টে ওঠার সম্ভাবনা তৈরি হয়েছে। ফলে এ বছর ট্রাম্পের সামগ্রিক অর্থনৈতিক নীতি নিয়ে নজিরবিহীন আইনি সংঘাত দেখা দিতে পারে।

দ্বিতীয় দফায় ক্ষমতায় এসে ট্রাম্প শুল্ককে মার্কিন পররাষ্ট্রনীতির প্রধান অস্ত্র হিসেবে ব্যবহার করছেন। শুল্কের মাধ্যমে তিনি রাজনৈতিক চাপ সৃষ্টি করছেন। বিভিন্ন দেশকে নতুন করে চুক্তিতে আসতে বাধ্য করেছেন। ফলে একদিকে বাণিজ্যিক ছাড় আদায় করা সম্ভব হয়েছে, অন্যদিকে আর্থিক বাজারে অস্থিরতা বেড়েছে।
রায় নিয়ে ক্ষোভ প্রকাশ করে ট্রাম্প আদালতকে ‘দলীয়ভাবে অত্যন্ত পক্ষপাতদুষ্ট’ বলে উল্লেখ করেন। ট্রুথ সোশ্যালে তিনি লেখেন, এই শুল্ক যদি উঠে যায়, তাহলে দেশে ভয়াবহ বিপর্যয় নেমে আসবে। তিনি আশাবাদী, সুপ্রিম কোর্টের রায়ে সিদ্ধান্ত উল্টে যাবে।

ওয়াশিংটন ডিসির ফেডারেল সার্কিট কোর্ট অব আপিলসের ৭-৪ ভোটে দেওয়া এই রায়ে ট্রাম্পের তথাকথিত পাল্টা শুল্কের বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হয়। একই সঙ্গে ফেব্রুয়ারি মাসে চীন, কানাডা ও মেক্সিকোর বিরুদ্ধে আরোপিত শুল্কও বেআইনি বলা হয়।

রায়ে দেখা গেছে, ডেমোক্র্যাট প্রেসিডেন্টদের নিয়োগপ্রাপ্ত ছয় বিচারক সংখ্যাগরিষ্ঠ মত দেন, রিপাবলিকানদের নিয়োগপ্রাপ্ত দুজন বিচারপতি ভিন্নমত দেন। তবে এই রায় ট্রাম্পের ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানির ওপর আরোপিত শুল্কের বেলায় প্রযোজ্য নয়, সেগুলো জারি করা হয়েছিল পৃথকভাবে বা আলাদা আইনি ক্ষমতার আওতায়।
১২৭ পৃষ্ঠার বিস্তারিত রায়ে বলা হয়, আইইইপিএ কোথাও ‘শুল্ক’ কিংবা এর কোন প্রতিশব্দ উল্লেখ করেনি। একইসঙ্গে প্রেসিডেন্টের শুল্ক আরোপের ক্ষমতায় স্পষ্ট সীমা টানার মতো কোনো প্রক্রিয়াগত সুরক্ষাও এতে নেই।

তাই আদালতের মতে, কর ও শুল্ক আরোপের ক্ষমতা কংগ্রেসের হাতেই বহাল থাকবে।

রায়ে আদালত আরও বলেছে, ১৯৭৭ সালে কংগ্রেস যখন এই আইনটি পাস করেছিল তখন অতীতের অনুশীলন থেকে সরে এসে রাষ্ট্রপতিকে শুল্ক আরোপের সীমাহীন কর্তৃত্ব প্রদানের উদ্দেশ্যে এটি করা হয়েছিল বলে মনে হয় না।

আদালত রায়ে লিখেছে, যখনই কংগ্রেস প্রেসিডেন্টকে শুল্ক আরোপের ক্ষমতা দিতে চায়, তখন সেটি স্পষ্টভাবে কখনো ‘ট্যারিফ’ বা ‘ডিউটি’র মতো সুস্পষ্ট শব্দ ব্যবহার করে।

ক্ষুদ্র ব্যবসায়ী এবং যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্য জোটের দায়ের করা দুইটি মামলার প্রেক্ষিতেই এই রায় দিয়েছে আদালত।

ওই মামলাগুলো হয়েছিল গত এপ্রিলে দেওয়া নির্বাহী আদেশের পর। সেই আদেশে প্রেসিডেন্ট ট্রাম্প বিশ্বের প্রায় সব দেশের ওপর ১০ শতাংশ মূল শুল্ক এবং আরও ডজনখানেক দেশের ওপর “পারস্পরিক শুল্ক” আরোপ করেছিলেন।

এবং ওই দিনটিকে ট্রাম্প ঘোষণা করেছিলেন আমেরিকার ‘অন্যায্য বাণিজ্যনীতির হাত থেকে মুক্তির দিন’ হিসেবে। এরপর মে মাসে নিউইয়র্কভিত্তিক কোর্ট অব ইন্টারন্যাশনাল ট্রেড রায় দিয়েছিল, এসব শুল্ক অবৈধ। তবে আপিল প্রক্রিয়া চলার কারণে সেই রায় স্থগিত রাখা হয়।

শুক্রবারের রায়ে শুধু বৈশ্বিক শুল্কই নয়, কানাডা, মেক্সিকো ও চীনের ওপর আরোপিত শুল্কও বাতিল করা হয়েছে। আগে ট্রাম্প দাবি করেছিলেন, এসব শুল্ক মাদক আমদানি ঠেকাতে খুব জরুরি ছিল।

তবে এই সিদ্ধান্ত ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর আরোপিত শুল্কের ক্ষেত্রে প্রযোজ্য নয়। কারণ সেগুলো ভিন্ন ক্ষমতাবলে আরোপ করা হয়েছিল।

রায় ঘোষণার আগে হোয়াইট হাউসের আইনজীবীরা যুক্তি দিয়েছিলেন, এসব শুল্ক অবৈধ ঘোষণা করা হলে তা ১৯২৯ সালের মহামন্দার মতো আর্থিক বিপর্যয় ডেকে আনতে পারে।

তারা এক চিঠিতে লিখেছিলেন, আইইইপিএ এর আওতায় প্রেসিডেন্টের শুল্ক আরোপের ক্ষমতা হঠাৎ বাতিল করা হলে তা আমাদের জাতীয় নিরাপত্তা, বৈদেশিক নীতি ও অর্থনীতির জন্য ভয়াবহ পরিণতি বয়ে আনবে।

আইনজীবীরা আরও যুক্তি দেন, প্রেসিডেন্ট ট্রাম্পের বিশ্বাস যদি এসব শুল্ক বাতিল হয়, তবে যুক্তরাষ্ট্র বিদেশি দেশগুলোর কাছে অঙ্গীকার করা ট্রিলিয়ন ডলার ফেরত দিতে পারবে না, যা অর্থনৈতিক ধ্বংস ডেকে আনতে পারে।

রায়ের ফলে এখন প্রশ্ন উঠেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক কমানোর চুক্তি যেসব দেশ করেছিল, সেই চুক্তিগুলোর ভবিষ্যৎ কী হবে!

এখন যদি সুপ্রিম কোর্ট মামলাটি বিবেচনায় নেয়, তবে নয়জন বিচারপতি ঠিক করবেন, ট্রাম্পের শুল্ক কর্মসূচি আইনসিদ্ধ কিনা, নাকি এটি প্রেসিডেন্টের সীমা ছাড়িয়ে যাওয়ার আরেকটি নজির।

যদিও আপিল আদালতের রায়ে প্রেসিডেন্ট ট্রাম্প হেরে গেছেন। হোয়াইট হাউজ কিছুটা স্বস্তি পেতে পারে এই ভেবে যে আদালতের ১১ জন বিচারপতির মধ্যে মাত্র তিনজন রিপাবলিকানদের নিয়োগপ্রাপ্ত।

অন্যদিকে সুপ্রিম কোর্টে বর্তমানে যে ছয়জন রিপাবলিকান নিয়োগপ্রাপ্ত বিচারপতি রয়েছেন, তাদের মধ্যে তিনজন ট্রাম্পের নিয়োগকৃত। ফলে সর্বোচ্চ আদালতে মামলার ভবিষ্যৎ অনিশ্চিত হলেও রাজনৈতিক প্রভাব সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।-বিবিসি

 

এনএএন টিভি

Share this news as a Photo Card