পাকিস্তানে আকস্মিক বন্যায় ১১ জনের মৃত্যু

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় পাহাড়ি অঞ্চলে বর্ষার শুরুতে আকস্মিক বন্যায় চার শিশুসহ ১১ জনের মৃত্যু হয়েছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

খাইবার পাখতুনখোয়া প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার শুক্রবার রাতে জারি করা এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় আকস্মিক বন্যা ও ভূমিধসে চার শিশু ও তিন নারীসহ ১১ জনের মৃত্যু হয়েছে।’

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মৃতদের মধ্যে ১০ জন সোয়াত উপত্যকার। সেখানে, আকস্মিক বন্যা নদীর তীরে বসবাসকারী একটি পরিবারকে ভাসিয়ে নিয়ে গেছে।

দুর্যোগ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, প্রদেশে বন্যায় ৫৬টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে ছয়টি ধ্বংস হয়ে গেছে।

জাতীয় আবহাওয়া পরিষেবা সতর্ক করে দিয়েছে যে, ভারী বৃষ্টিপাত ও আকস্মিক বন্যার ঝুঁকি কমপক্ষে মঙ্গলবার পর্যন্ত থাকবে।

গত মাসে, দক্ষিণ এশীয় দেশটিতে তীব্র ঝড়ে কমপক্ষে ২৪ জনের প্রাণহানি হয়, বসন্তকালে তীব্র শিলাবৃষ্টিসহ বেশ কয়েকটি চরম আবহাওয়ার ঘটনা ঘটে।

পাকিস্তান জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে একটি। দেশটিতে ২৪ কোটি বাসিন্দা ক্রমবর্ধমান হারে চরম আবহাওয়ার ঘটনার মুখোমুখি হচ্ছে।

এনএএন টিভি