চলমান সংঘাতের কারণে ইয়েমেনে এক লাখ ৩৭ হাজারেরও বেশি স্কুলগামী শিশুর পড়াশোনা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে ইউনিসেফ।
গতকাল সোমবার এক বিবৃতিতে জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থাটি এ তথ্য জানিয়েছে।
ইউনিসেফ বলেছে, সংঘাতের কারণে শিশুদের ভবিষ্যৎ হারানো উচিত নয়। ক্ষতিগ্রস্ত শিশুদের জন্য তারা ২০টি শিশু-বান্ধব কেন্দ্র ও অস্থায়ী শ্রেণিকক্ষ নির্মাণ করছে এবং সুরক্ষা সেবা প্রদান করছে বলেও জানায় সংস্থাটি।
ইউনিসেফ জানায়, গত শুক্রবার নতুন করে সংঘাত শুরু হলে ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় তায়েজ প্রদেশ এবং পশ্চিম উপকূলীয় জেলার বহু পরিবার তাদের বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।
ইউনিসেফ, জাতিসংঘ জনসংখ্যা তহবিল এবং বিশ্ব খাদ্য কর্মসূচি মিলে নতুন করে বাস্তুচ্যুত ১৪ হাজারেরও বেশি মানুষের জন্য জরুরি সহায়তা দিচ্ছে।
