বিশ্বের সুখী দেশের তালিকায় আবারও ফিনল্যান্ড

প্রকাশিত হয়েছে বিশ্বের সুখী দেশের তালিকা। এতে আবারও শীর্ষ স্থান দখল করেছে ফিনল্যান্ড। এ নিয়ে টানা সাতবার সুখী দেশের তালিকায় প্রথম স্থান দখল করল দেশটি।

তালিকায় সবচেয়ে কম সুখী দেশ আফগানিস্তান। আর এই তালিকায় বাংলাদেশের অবস্থান ১৪৩ দেশের মধ্যে ১২৯তম।

ফিনল্যান্ডের পর তালিকায় অন্য শীর্ষ দেশগুলোর মধ্যে রয়েছে যথাক্রমে- ডেনমার্ক, আইসল্যান্ড, সুইডেন, ইসরায়েল, নেদারল্যান্ডস, নরওয়ে, লুক্সেমবার্গ, সুইজারল্যান্ড ও অস্ট্রেলিয়া।

এদিকে তালিকায় এশিয়ার দেশগুলোর মাঝে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে কুয়েত। মধ্যপ্রাচ্যের এই দেশটি সবচেয়ে সুখী দেশের তালিকায় ১৩তম অবস্থানে রয়েছে। এছাড়াও তালিকায় সংযুক্ত আরব আমিরাত ২২তম অবস্থানে, সৌদি আরব ২৮তম অবস্থানে, সিঙ্গাপুর ৩০তম অবস্থানে রয়েছে।

এছাড়া তাইওয়ান ৩১, স্পেন ৩৬, ইতালি ৪১, ব্রাজিল ৪৪, উজবেকিস্তান ৪৭, আর্জেন্টিনা ৪৮, কাজাখস্তান ৪৯, জাপান ৫১, দক্ষিণ কোরিয়া ৫২, থাইল্যান্ড ৫৮, মালয়েশিয়া ৫৯, চীন ৬০ ও লিবিয়া আছে ৬৬তম অবস্থানে।

মূলত ৬টি সূচক যাচাই করে সবচেয়ে সুখী দেশ নির্ধারণ করা হয়। এই সূচকগুলো হচ্ছে- মাথাপিছু মোট দেশজ উৎপাদন (জিডিপি), সামাজিক সহায়তা, সুস্থ জীবনযাপনের প্রত্যাশা, জীবনযাপনের ক্ষেত্রে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা, বদান্যতা, দুর্নীতি নিয়ে মনোভাব ও ডিসটোপিয়া।

উল্লেখ্য, ২০২১ সালে প্রকাশিত সুখী দেশের তালিকায় বাংলাদেশ ছিল ৬৮তম অবস্থান, ২০২২ সালে প্রকাশিত তালিকায় অবস্থান ছিল ৯৪ নম্বরে এবং ২০২৩ সালে ছিল ১১৮তম অবস্থানে।

 

এনএএন টিভি