‘মুনাফা লোটার ছক কষছে, ক্রেমলিনের লন্ড্রি হিসেবে কাজ করছে ভারত’

ভারতকে শুল্কের ‘মহারাজ’ আখ্যা দিয়ে, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো নজিরবিহীনভাবে আক্রমণ করলেন। রাশিয়ান তেল আমদানি অব্যাহত রাখার জন্য নয়াদিল্লিকে ‘মুনাফাখোর’ বলে  উল্লেখ করেছেন তিনি। নাভারো আশা করছেন যে, ভারতীয় আমদানির উপর ৫০ শতাংশ শাস্তিমূলক শুল্ক আগামী সপ্তাহ থেকে পরিকল্পনা অনুযায়ী কার্যকর হবে।

পিটার নাভারোর কথায়, ‘২০২২ সালে রাশিয়া যখন ইউক্রেনে হামলা শুরু করল তার আগে ভারত নিজেদের প্রয়োজনের মাত্র ১ শতাংশ তেল কিনত রাশিয়া থেকে। কিন্তু বর্তমানে সেটা ৩৫ শতাংশে গিয়ে দাঁড়িয়েছে। আসলে ভারতের রুশ তেলের দরকার নেই। এখন ওরা মুনাফা লোটার ছক কষছে। ক্রেমলিনের লন্ড্রি হিসেবে কাজ করছে ভারত।’

তার কথায়, শুল্ক বাবদ ভারত বিরাট অর্থ লাভ করছে। সেই অর্থ দিয়ে রুশ তেল কিনছে। ভারতের থেকে পাওয়া অর্থ দিয়ে ইউক্রেনের বিরুদ্ধে লড়তে অস্ত্র বানাচ্ছে রাশিয়া। ট্রাম্পের শুল্কনীতি কার্যকর হওয়ার পরেই নানা সূত্র মারফত খবর ছড়ায়, এবার রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দেবে ভারত। তার কারণ, রুশ তেলের দামে এতদিন পর্যন্ত যতটা পরিমাণ ছাড় মিলছিল সেটা বর্তমানে কমে গিয়েছে। তাছাড়া আমেরিকা সরাসরি অসন্তোষ প্রকাশ করেছে ভারতের রুশ তেল কেনা নিয়ে। তবে সেসব গুজব উড়িয়ে দিয়ে রুশ তেল কিনছে ভারত।

ভারতীয় বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, ‘শক্তি সম্পদের ক্ষেত্রে আমাদের অবস্থান সকলেই জানে। আমাদের চাহিদা অনুযায়ী, জাতীয় স্বার্থ এবং বাজারের পরিস্থিতি দেখে শক্তিসম্পদ আমদানি করা হয়।’

ভারতকে আক্রমণ করে নাভারো আরও বলেন, ‘ভারত হলো শুল্ক চাপানোর মহারাজা। কারণ তারাই সবচেয়ে বেশি পরিমাণ শুল্ক চাপায়। আমাদের সঙ্গে ভারতের বাণিজ্যে অনেক ঘাটতি রয়েছে। তার জেরে মার্কিন বাণিজ্য এবং শ্রমিকরা ধাক্কা খায়।’

ট্রাম্পের বাণিজ্য পরামর্শদাতার কথায়, শান্তিস্থাপনের নাটাই রয়েছে ভারতের হাতে। নয়াদিল্লির উচিত, রুশ অর্থনীতিকে শক্তিশালী করে তোলার পথ থেকে সরে আসা।

সূত্র : এনডিটিভি

Share this news as a Photo Card