ইসরায়েলের তেল আবিবের উত্তরে রামাত হাশারোনের একটি বাসস্টপে ট্রাকচাপায় বহু লোক আহত হয়েছে

ইসরায়েলের তেল আবিবের উত্তরে রামাত হাশারোনের একটি বাসস্টপে ট্রাকচাপায় বহু লোক আহত হয়েছে। ইসরায়েলি জরুরি সেবা সংস্থা ও পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় সকাল ১০:০৮ টার দিকে আহরোন ইয়ারিভ বুলেভার্ডে এই দুর্ঘটনা ঘটে।

ইসরাইলের জরুরি পরিষেবার (এমডিএ) বরাত দিয়ে এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

এমডিএ জানিয়েছে, তেল আবিবের উত্তরে রামাত হাশরোনের এ ‘দুর্ঘটনায়’ আহতদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর এবং পাঁচজন মাঝারি ধরনের জখম হয়েছেন।

আহতদের চারটি আঞ্চলিক হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে বলে সিএনএনের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রাথমিক তদন্তের পর ইসরাইলি পুলিশ বলছে, ‘যাত্রীদের নামানোর জন্য স্টপেজের কাছে একটি বাস থেমে ছিল। একই সময়ে সেখানে একটি ট্রাক এসে পড়লে বাস ও এর যাত্রীদের সঙ্গে সংঘর্ষ হয়।’

পুলিশ আরও জানিয়েছে, ঘটনাস্থলে বেসামরিক লোকেরা ‘ট্রাক চালককে গুলি করে এবং তাকে নিষ্ক্রিয় করে।’

ঘটনাটিকে ‘পরিকল্পিত হামলা’ হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

এনএএন টিভি