উপসাগরীয় সহযোগিতা পরিষদ জিসিসির ছয় সদস্যদেশকে একটি সমন্বিত রেল নেটওয়ার্কের আওতায় আনতে ঐতিহাসিক সাধারণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গতকাল রবিবার (৮ নভেম্বর) বাহরাইনের রাজধানী মানামায় এ চুক্তি স্বাক্ষরিত হয়। ২০৩০ সালের ডিসেম্বরের মধ্যে পুরো রেল নেটওয়ার্ক চালুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
বাহরাইনের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী প্রিন্স সালমান বিন হামাদ আল খলিফা এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। জিসিসির পরিবহনমন্ত্রীদের ৩০তম বৈঠকের পার্শ্ববর্তী এ অনুষ্ঠানে ছয় দেশের প্রতিনিধিদের পাশাপাশি জিসিসির মহাসচিব জাসেম আল-বুদাইউই অংশ নেন।
কুয়েতের গণপূর্তমন্ত্রী ড. নুরা আল-মাশআন এ চুক্তিকে উপসাগরীয় দেশগুলোর যৌথ সহযোগিতার ক্ষেত্রে একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে উল্লেখ করেছেন।
তিনি বলেন, এ রেল প্রকল্প সদস্যদেশগুলোর মধ্যে অর্থনৈতিক সংহতি ও যোগাযোগব্যবস্থা জোরদার করবে। একই সঙ্গে যাত্রী ও পণ্য পরিবহন সহজ করা, আন্তদেশীয় বাণিজ্য সম্প্রসারণ এবং পরিবহন ও লজিস্টিকস সেবার দক্ষতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কুয়েতের অংশে প্রায় ১১১ কিলোমিটার রেলপথ নির্মাণের পরিকল্পনা রয়েছে। এ রেলপথ আল-শাদ্দাদিয়া থেকে সৌদি আরব সীমান্তের আল-নুওয়াইসিব পর্যন্ত বিস্তৃত হবে। প্রকল্পের সূচনাবিন্দু হিসেবে কুয়েত নির্ধারিত অংশ বাস্তবায়নে জিসিসি রেলওয়ে কর্তৃপক্ষ ও অন্যান্য সদস্যদেশের সঙ্গে সমন্বয় করে কাজ করবে বলে জানিয়েছেন দেশটির গণপূর্তমন্ত্রী।
প্রস্তাবিত রেল নেটওয়ার্কের মাধ্যমে কুয়েত, সৌদি আরব, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও ওমানের মধ্যে যোগাযোগ প্রতিষ্ঠিত হবে। এতে যাত্রী ও পণ্য পরিবহনের সময় ও ব্যয় কমানো, বাণিজ্য সম্প্রসারণ এবং পর্যটন, শিল্প ও লজিস্টিকস খাতে বিনিয়োগের নতুন সুযোগ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রকল্পের
পরিকল্পনা অনুযায়ী, যাত্রীবাহী ট্রেন ঘণ্টায় সর্বোচ্চ ২০০ কিলোমিটার গতিতে চলতে পারবে। অন্যদিকে, পণ্যবাহী ট্রেনের গতি হবে ঘণ্টায় ৮০ থেকে ১২০ কিলোমিটার। মূল রেল অবকাঠামো নির্মাণে আনুমানিক ১৫ দশমিক ৪ থেকে ১৬ বিলিয়ন মার্কিন ডলার ব্যয় হতে পারে।
জিসিসির মহাসচিব জাসেম আল-বুদাইউই বলেন, এ চুক্তি উপসাগরীয় দেশগুলোর পরিবহন খাতে সমন্বয় বাড়ানো এবং একটি আন্তসংযুক্ত ও সমন্বিত রেল নেটওয়ার্ক প্রতিষ্ঠার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
প্রকল্পটি সদস্যদেশগুলোর মধ্যে যোগাযোগ সহজ করার পাশাপাশি অর্থনৈতিক উন্নয়ন ও পারস্পরিক সমৃদ্ধিতে অবদান রাখবে। আঞ্চলিক বাণিজ্য ও সরবরাহব্যবস্থা আরও কার্যকর করার পাশাপাশি পরিবহন নেটওয়ার্কের মধ্যে সমন্বয় বাড়ানোও এ প্রকল্পের অন্যতম লক্ষ্য।
এছাড়াও সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে প্রযুক্তিগত মান, পরিচালনব্যবস্থা ও নিরাপত্তা নীতিমালার সমন্বয়ের মাধ্যমে রেল যোগাযোগকে আরও কার্যকর করার উদ্যোগ নেওয়া হবে।
বিশ্লেষকদের মতে, ২০৩০ সালের মধ্যে প্রকল্পটি চালু হলে উপসাগরীয় অঞ্চলে যাত্রী ও পণ্য পরিবহনে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।
